২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের হাঁটুর চাপে কোমায় যুবক, জর্জ ফ্লয়েড হত্যার ছায়া অস্ট্রেলিয়ায়

যুক্তরাষ্ট্রে পুলিশ কর্মকর্তার হাটুর চাপে মারা যাওয়া সেই কৃষ্নাঙ্গ জর্জ ফ্লয়েডের মতো এবার অস্ট্রেলিয়ায় একই ধরনের ঘটনার শিকার হয়েছেন ভারতীয় বংশোদ্ভুত এক ব্যক্তি।

পুলিশের হাঁটুর চাপে কোমায় যুবক, জর্জ ফ্লয়েড হত্যার ছায়া অস্ট্রেলিয়ায়
ভারতীয় বংশোদ্ভুত গৌরব কুন্ডি। ছবি: ফেইসবুক/এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2025, 12:36 AM

Updated : 26 Aug 2026, 01:07 PM

মাটিতে এক যুবকের ঘাড়ের ওপর পা চেপে রেখেছে পুলিশ। ২০২০ সালে এমন একটি ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। যুক্তরাষ্ট্রের মিনেপোলিসে এক পুলিশ কর্মকর্তার ওই কাণ্ডে মারা গিয়েছিল জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ যুবক। তারপরই শুরু হয়েছিল 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলন।

সেই ঘটনারই ছায়া এবার দেখা গেল অস্ট্রেলিয়ায়। একই ধরনের ঘটনার স্বীকার হলেন ভারতীয় বংশোদ্ভূত এক যুবক। যদিও তার মৃত্যু এখনও হয়নি। তবে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।

মস্তিষ্কে গুরুতর আঘাত নিয়ে কোমায় চলে যাওয়া এই যুবককে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও। 

অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, অ্যাডিলেডে রাস্তার উপরে গৌরব কুন্ডি নামের ওই যুবক আক্রান্ত হচ্ছেন।

পুলিশ হাঁটু দিয়ে মাটিতে চেপে ধরেছে তার ঘাড়। তিনি চিৎকার করে বলছেন, ‘‘আমি কোনও ভুল করিনি।’’ কিন্তু তারপরও পুলিশের হাঁটুর চাপ যেন আরও বাড়ছিল।

রাস্তায় হাঁটু দিয়ে ঠেসে ধরে তাকে হাতকড়া পরাচ্ছিলেন ওই পুলিশ কর্মকর্তা। ছটফট করছিলেন যুবক। পুলিশের হাঁটুর চাপে শেষমেশ তার মস্তিষ্ক এবং ঘাড়ের নার্ভ ক্ষতিগ্রস্ত হয়।

ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, গৌরবের স্ত্রী অমৃতপাল কৌর ভিডিওয় তুলে রেখেছিলেন মুহূর্তটি। সেই ফুটেজ অস্ট্রেলিয়ার নাইন নিউজে প্রচার করা হয়।

অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাডিলেডের ইস্টার্ন সাবার্বে থাকেন গৌরব এবং তার স্ত্রী অমৃতপাল কউর। ‘অস্ট্রেলিয়া টুডে’-র প্রতিবেদন বলছে, গৌরব এবং তার স্ত্রী অ্যাডিলেডের রাস্তায় বৃহস্পতিবার ঝগড়া করছিলেন।

সেই সময় পুলিশের একটি টহল গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল। পুলিশ কর্মকর্তারা ঘটনাটিকে পারিবারিক সহিংসতা মনে করেছিলেন। তারা ভেবেছিলেন স্ত্রীর উপর অত্যাচার করছেন স্বামী।

এরপরেই পুলিশ গৌরবকে জেরা করতে শুরু করে। যদিও অমৃতপাল বারবার পুলিশকে বলছিলেন যে, গৌরব মদ্যপ অবস্থায় জোরে কথা বলছিলেন, কোনও সহিংস আচরণ করেননি।

কিন্তু কোনও কথা শোনেনি পুলিশ। তাদের দাবি, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন গৌরব। তাকে সামলাতে গিয়ে ওই ঘটনা ঘটেছে। গৌরব গ্রেপ্তার এড়াতে নিজেকে বাঁচানোর জন্য পুলিশকে প্রতিরোধ করেছিলেন।

সেই সময় পুলিশ জোর করলে তার মাথা গিয়ে লাগে গাড়িতে। তারপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গৌরবের স্ত্রীর অভিযোগ, গ্রেপ্তারের আগে রাস্তায় তার স্বামীর ঘাড় হাঁটু দিয়ে চেপে ধরেন এক পুলিশ কর্মকর্তা।

তিনি বারবার ছেড়ে দিতে অনুরোধ করলেও পুলিশ শোনেনি। এক পর্যায়ে গৌরব জ্ঞান হারান। এরপর তাকে অ্যাডিলেডের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনা যুক্তরাষ্ট্রে কৃষ্নাঙ্গ জর্জ ফ্লয়েডের খুনের ঘটনার স্মৃতি ফিরিয়ে এনেছে। অস্ট্রেলিয়ার পুলিশ ইতোমধ্যে বিভাগীয় তদন্ত শুরু করেছে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।