২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৩৪

গাজার উত্তরাঞ্চলীয় বেইত হানুনে সোমবার রাতভর ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত এবং বহুতল ভবনে কয়েক ডজন লোক আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2024, 06:30 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

গাজাজুড়ে সোমবার রাত এবং মঙ্গলবার ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা। ইসরায়েল ট্যাংক নিয়ে গাজার মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলীয় অংশগুলোতে প্রবেশ করেছে।

গাজার উত্তরাঞ্চলীয় বেইত হানুনে সোমবার রাতভর ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত এবং বহুতল ভবনে কয়েক ডজন লোক আহত হয়েছে। 

বেইত হানুনে গত অক্টোবর থেকেই অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। নিহতরা একই পরিবারের সদস্য। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে চিকিৎসাকর্মীরা জানিয়েছেন।

অনলাইনে পোষ্ট হওয়া ছবিতে শহরটিতে একটি গণকবরে সারিবদ্ধ লাশ পড়ে থাকতে দেখা গেছে। তবে বার্তা সংস্থা রয়টার্স ছবি গুলো যাচাই করতে পারেনি।

ওদিকে, গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে আরেকটি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। আরও বেশ কয়েকজন আহতও হয় বলে চিকিৎসক ও ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে। রাফায় ইসরায়েলের আরেক হামলায় নিহত হয় ২ জন।

অন্যদিকে, মধ্য গাজার দেইর আল-বালাহ শহর থেকে ভূমধ্যসাগরে যাওয়ার চেষ্টা করা ছয় ফিলিস্তিনি জেলেকে আটক করেছে ইসরায়েলের নৌবাহিনী।

ইসরায়েলের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাস দক্ষিণ ইসরায়েলে ঢুকে প্রায় ১২০০ জনকে হত্যা করে।  

আর গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবমতে, ওই ঘটনার পর থেকে গাজায় ইসরায়েলের চালানো পাল্টা হামলায় ৪৪ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।