যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ দুর্ঘটনা: প্রায় ১৬ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ
এর আগে সর্বশেষ সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনাটি ঘটেছিল ২০০৯ সালের ফেব্রুয়ারিতে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে বড় ধরনের উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে।
যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হেলিকপ্টারের ধাক্কাতেই এ দুর্ঘটনা। এতে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত আরও অনেকে।
গত প্রায় ১৬ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের এটিই প্রথম সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা। নিউজউইক জানায়, এর আগে সর্বশেষ সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনাটি ঘটেছিল ২০০৯ সালের ফেব্রুয়ারিতে।
ওই বছর কন্টিনেন্টাল এয়ারলাইন্সের একটি ফ্লাইট নিউ ইয়র্কের বাফেলো বিমানবন্দরের দিকে এগিয়ে যাওয়ার সময় একটি বাড়িতে বিধ্বস্ত হয়।
উড়োজাহাজটি ছিল কোলগান এয়ার পরিচালিত একটি বোম্বার্ডিয়ার কিউ৪০০ উড়োজাহাজ। দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা ৪৯ জনের সবাই এবং মাটিতে থাকা এক ব্যক্তি নিহত হন।
এর আগের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল ২০০১ সালে নিউ ইয়র্ক রাজ্যের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে। আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৫৮৭ এয়ারবাস এ৩০০ উড়োজাহাজ উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছিল। এতে উড়োজাহাজের ২৬৫ জন আরোহী নিহত হন।
এছাড়া, আরও উড়োজাহাজ দুর্ঘটনা ঘটে ২০০৬ সালে কেন্টাকি রাজ্যের লেক্সিংটন শহরে। উড্ডয়নের সময় দুর্ঘটনার শিকার হয় কোমেয়ার এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিধ্বস্ত হয়ে নিহত হয় উড়োজাহাজের ৪৯ জন আরোহী।
এর আগে আরও দুর্র্ঘটনা ঘটেছে যেসব বছরে:
৩১ জানুয়ারি, ২০০০: ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে আলাস্কা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৮৮ জন নিহত হন।
১৭ জুলাই, ১৯৯৬: ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ নিউ ইয়র্কের কাছে আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয়ে ২৩০ জন নিহত হন। একই বছরের ১১ মে ফ্লোরিডা এভারগ্লেডসে একটি ভ্যালুজেট বিমান বিধ্বস্ত হয়ে ১১০ আরোহীর সবাই নিহত হন।
৮ সেপ্টেম্বর, ১৯৯৪: যুক্তরাষ্ট্রের পিটসবার্গে অবতরণের চেষ্টা করার সময় ইউএসএয়ারের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে ১২৭ জন যাত্রী ও পাঁচ ক্রু নিহত হন।
১৬ অগাস্ট, ১৯৮৭: নর্থওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট মিশিগানের রোমুলাস থেকে উড্ডয়নের ঠিক পরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ১৪৮ জন যাত্রী এবং ছয়জন ক্রু মারা যান।
