২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে সবচেয়ে ভালো যা হতে পারে, তা হল শাসনব্যবস্থার পরিবর্তন: ট্রাম্প

ক্ষমতাসীনদের সরালে কারা ইরান পরিচালনা করবে তা বলতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট, কেবল বলেছেন এমন ‘লোকজন আছে’ যারা ক্ষমতা নিতে পারবে।

ইরানে সবচেয়ে ভালো যা হতে পারে, তা হল শাসনব্যবস্থার পরিবর্তন: ট্রাম্প
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স/ইপিএ

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 10:47 AM

Updated : 26 Aug 2026, 02:57 PM

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, শাসনব্যবস্থার পরিবর্তনই ইরানের জন্য ‘সবচেয়ে ভালো জিনিস হতে পারে’। 

শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির ক্ষমতাসীনদের সরাতে তার আগ্রহের বিষয়টি এর চেয়ে সুস্পষ্টভাবে আর কখনো জানা যায়নি।

“৪৭ বছর ধরে তারা শুধু কথা বলেই গেছে, বলেই গেছে, বলেই গেছে। এই সময়ের মধ্যে আমরা অনেক প্রাণ হারিয়েছি,” শুক্রবার ট্রাম্প এমনটাই বলেছেন বলে জানিয়েছে বিবিসি। 

ক্ষমতাসীনদের সরালে কারা ইরান পরিচালনা করবে তা বলতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট, কেবল বলেছেন এমন ‘লোকজন আছে’ যারা ক্ষমতা নিতে পারবে। 

ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এখন পর্যন্ত ট্রাম্পের সর্বশেষ এ মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানাননি।

এমন এক সময়ে ট্রাম্প এ মন্তব্য করলেন যখন ইরানকে একটি পারমাণবিক চুক্তিতে রাজি করাতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে বলে খবর বেরিয়েছে।  

বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী ও মার্কিন বিমানবাহী রণতরীগুলোর মধ্যে সবচেয়ে নতুন ইউএসএস গেরাল্ড আর ফোর্ড ‘শিগগিরই’ ক্যারিবিয়ান অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে বলে ট্রাম্প জানিয়েছেন। 

নিজের সোশাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ট্রাম্প আকাশ থেকে নেওয়া রণতরীটির একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে মনে হচ্ছে সেটি মধ্যপ্রাচ্যে এখনই অবস্থান করা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যোগ দেওয়ার পথে রয়েছে। 

দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ মোকাবেলায় ইরানের ক্ষমতাসীনদের সহিংস দমনপীড়নে হাজারের বেশি মানুষ মারা যাওয়ায় যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর হুমকি দেওয়ার পর পেন্টাগন জানুয়ারিতে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছিল।  

তেহরান কোনো পারমাণবিক চুক্তিতে না পৌঁছালে তাদের ওপর হামলার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিলেন ট্রাম্প। তবে বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর মার্কিন এ প্রেসিডেন্ট ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ারও ইঙ্গিত দেন। 

হামলা এড়াতে মধ্যপ্রাচ্যের শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি কী করতে পারে এমন প্রশ্নের জবাবে শুক্রবার ফোর্ড ব্র্যাগে ট্রাম্প বলেন, “তাদের উচিত আমাদেরকে এমন চুক্তি দেওয়া যেটা তাদের প্রথমেই দেওয়া উচিত ছিল।” 

ইরান যেন তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে সেজন্য চাপ দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। এদিকে নেতানিয়াহুর সরকার চাইছে তেহরান যেন একইসঙ্গে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সীমিত করে আনে এবং হামাস ও হিজবুল্লাহর মতো সংগঠনগুলোর প্রতি সমর্থন বন্ধ করে দেয়। 

ইরান বলছে, তারা তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে পারে তবে তার বদলে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আরও বলেছেন, “তার দেশ অতিরিক্ত দাবিদাওয়ার কাছে নতি স্বীকার করবে না।”

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে তেহরান ওয়াশিংটনসহ বিশ্ব শক্তিগুলোর সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে রাজি হয়েছিল। কিন্তু ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পরপরই ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন এবং ইরানের ওপর আগের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। 

নতুন একটি চুক্তির লক্ষ্যে গত বছর তার প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনা শুরু করলেও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। সম্প্রতি ওয়াশিংটন ও তেহরান ফের ওমানে আলোচনায় বসেছিল, শিগগিরই যার পরবর্তী রাউন্ডও হওয়ার কথা।

ইরান উত্তেজনার মধ্যেই ‘মধ্যপ্রাচ্যের পথে’ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী