১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরান উত্তেজনার মধ্যেই ‘মধ্যপ্রাচ্যের পথে’ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী

ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখনই মধ্যপ্রাচ্যে আছে। এখন যাবে ইউএসএস গেরাল্ড আর ফোর্ড, বলছে মার্কিন গণমাধ্যমগুলো।

ইরান উত্তেজনার মধ্যেই ‘মধ্যপ্রাচ্যের পথে’ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী
বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস গেরাল্ড আর ফোর্ডের একাংশ। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 02:59 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। 

ইউএসএস গেরাল্ড আর ফোর্ড এবং তার সঙ্গী যুদ্ধজাহাজগুলোকে শিগগিরিই ক্যারিবিয়ান অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হবে, মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার প্রথম নিউ ইয়র্ক টাইমস এ খবর দেয়; পরে আরও মার্কিন গণমাধ্যম এ খবর প্রচার করে।

এ নিয়ে মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্স হোয়াইট হাউস ও পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করলেও অফিস সময় পেরিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের দিক থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি।    

তবে দিনকয়েক আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী পাঠানোর কথা ভাবছেন।

ওই অঞ্চলে এখন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অবস্থান করছে। এই রণতরী এবং তার সঙ্গে সুনির্দিষ্ট লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম এমন একাধিক যুদ্ধজাহাজ জানুয়ারিতেই মধ্যপ্রাচ্যে পৌঁছায়। 

বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি হওয়া দরকার; আগামী মাসের মধ্যে দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছাতে পারে বলে আভাসও দেন তিনি।  

“আমাদের একটি চুক্তি করতে হবে, না হলে তা হবে খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ,” সাংবাদিকদের এমনটাই বলেছেন এ রিপাবলিকান প্রেসিডেন্ট। 

একইদিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সামরিক সংঘাত এড়াতে ট্রাম্প ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর পরিস্থিতি তৈরি করতে পারবেন বলে তিনি আশাবাদী।