ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘হত্যার জন্য পুরস্কার ঘোষণা করবে ইরানের পার্লামেন্ট’
মার্কিন ও ইসরায়েলি নেতাকে হত্যার জন্য ৫ কোটি ইউরো প্রস্তাব করা একটি বিল নিয়ে দেশটির পার্লামেন্টে ভোটাভুটির কথা রয়েছে।
যুক্তরাজ্যের দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাথার ওপর পুরস্কার ঘোষণার বিষয়ে আলোচনা করছে।
মার্কিন ও ইসরায়েলি নেতাকে হত্যার জন্য ৫ কোটি ইউরো প্রস্তাব করা একটি বিল নিয়ে দেশটির পার্লামেন্টে ভোটাভুটির কথা রয়েছে।
‘ইসলামিক প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা ব্যবস্থা’ শিরোনামের এই বিলটি ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি তৈরি করেছেন বলে ব্রিটিশ দৈনিকটি জানিয়েছে।
আজিজি জানিয়েছেন, ইরান ২৮ ফেব্রুয়ারি চালানো হামলার জন্য ট্রাম্প, নেতানিয়াহু ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্রাড কুপারকে দায়ী করে আর তাদের অবশ্যই ‘পাল্টা ও সমপরিমাণ পদক্ষেপের’ মুখোমুখি হতে হবে।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু করা ওই হামলায় ইরানের ওই সময়ের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছিলেন।
পৃথক ঘোষণায় কমিশনের সদস্য মাহমুদ নাবাভিয়ান জানিয়েছেন, যে ‘ট্রাম্প ও নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাবে’ তার জন্য পুরস্কার ঠিক করতে পার্লামেন্টে শিগগিরই ভোট গ্রহণ করা হবে।
তিনি সতর্ক করে বলেন, যদি ইরানের আবার হামলা শুরু করা হয় তবে ‘ধ্বংসাত্মক’ জবাব দেওয়া হবে। তিনি জানান, ইতোমধ্যে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিরুদ্ধেও হুমকি দেওয়া হয়েছে।
ব্রিটিশ দৈনিকটি লিখেছে, প্রস্তাবিত আইনটি পূর্ববর্তী পুরস্কার ও হুমকি থেকে একটি পরিবর্তনের ইঙ্গিত দেয়। আগে ধর্মীয় ফতোয়া ও বিভিন্ন প্রচারণা থেকে ‘গুপ্তহত্যার’ আহ্বান জানানো হলেও এবার সেটিকে সংসদীয় কার্যক্রেমের অংশ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইরানের পার্লামেন্ট এ পদক্ষেপ নিতে যাচ্ছে।
‘রক্তের অঙ্গীকার’ নামের একটি বেসরকারি উদ্যোগ পৃথকভাবে ‘ট্রাম্পকে হত্যার’ উদ্দেশ্যে দুই কোটি ৭০ লাখ ডলার তুলেছে বলে বলে দাবি করেছে।
গত বছর ট্রাম্প বলেছিলেন, যদি ইরান তার বিরুদ্ধে দেওয়া হত্যার হুমকির ওপর ভিত্তি করে কোনো পদক্ষেপ নেয় তবে যুক্তরাষ্ট্র দেশটিকে ‘পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ জন্য ‘অত্যন্ত কঠোর নির্দেশ’ জারি করবে।
