Published : 24 Jun 2026, 02:02 PM
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বন্ধ করার জন্য প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে নির্দেশনা দেওয়া একটি প্রস্তাব মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর এবার উচ্চকক্ষ সেনেটেরও সমর্থন পেয়েছে।
রয়টার্স লিখেছে, মঙ্গলবার সেনেটের এ রায় ক্রমবর্ধমান অসন্তুষ্ট কংগ্রেসের পক্ষ থেকে রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্টের প্রতি জানানো সর্বশেষ ‘তিরস্কার’।
সেনেটে এই ‘ওয়ার পাওয়ার্স রেজোলিউশন’ এর পক্ষে ৫০ ভোট পড়ে আর বিপক্ষে ছিল ৪৮টি। চলতি মাসের প্রথমদিকে প্রতিনিধি পরিষদেও প্রস্তাবটি পাস হয়েছিল। দুই কক্ষেই ট্রাম্পের রিপাবলিকান পার্টির কয়েকজন প্রতিনিধি ও সেনেটর এই প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন। এতে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা এই অজনপ্রিয় যুদ্ধ নিয়ে তাদের মধ্যে বাড়তে থাকা উদ্বেগের প্রতিফলন ঘটেছে।
সেনেটের এই প্রস্তাবে ভোট মূলত পার্টি লাইন অনুযায়ীই পড়েছে। একজন বাদে ডেমোক্র্যাট দলীয় সব সেনেটর এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন আর চারজন রিপাবলিকান সদস্য তাদের সঙ্গে যোগ দিয়েছেন। বাকি রিপাবলিকান সেনেটরদের মধ্যে দুইজন ভোট দানে বিরত ছিলেন আর বাকিরা বিপক্ষে ভোট দিয়েছেন।
ওয়ার পাওয়ার্স অ্যাক্ট নামে পরিচিত ওয়ার পাওয়ার্স রেজোলিউশন ১৯৭৩ সালে প্রণিত হয়েছিল। তারপর থেকে এই প্রথম মার্কিন কংগ্রেসের উভয়কক্ষ এই আইনের আওতায় একজন প্রেসিডেন্টকে সামরিক অভিযান থেকে সশস্ত্র বাহিনীকে সরিয়ে আনার নির্দেশনা দিল।
যদিও এটি মূলত প্রতীকী নির্দেশনা হয়ে রয়ে যেতে পারে তারপরও এটি ট্রাম্পের জন্য একটি ধাক্কা। তিনি কিছুদিন আগেও কংগ্রেসের নিজ দলীয় সদস্যদের প্রায় সর্বসম্মত সমর্থন পেয়ে আসছিলেন।
এমন এক সময়ে এই প্রস্তাবটি পাস হল যখন ধারণা করা হচ্ছে যে ট্রাম্প প্রশাসন যুদ্ধের খরচ মেটাতে কয়েক হাজার কোটি ডলার অনুমোদনের জন্য কংগ্রেসকে অনুরোধ করবে।
ভোটাভুটির পরে সামাজিক ম্যধমে এক পোস্টে ট্রাম্প এর সমালোচনা করে বলেছেন, “প্রস্তাবটি অসময়ে নেওয়া হয়েছে আর একটি অর্থহীন পদক্ষেপ।”
যারা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন তারা ইরানকে ‘সান্ত্বনা’ যুগিয়ে তার কাজ ‘আরও কঠিন করে দিয়েছেন’ বলে অভিযোগ করেছেন তিনি।
ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষে সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ। কিন্তু নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন আসার আগে রিপাবলিকান সদস্যদের কাউকে কাউকে ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিতে দেখা যাচ্ছে। রিপাবলিকান পার্টি এই সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে কি না, তা মধ্যবর্তী নির্বাচনে নির্ধারিত হবে।
বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের সর্বশেষ জরিপে দেখা গেছে, ৩৫ শতাংশ আমেরিকান মনে করেন যুদ্ধের আগের তুলনায় ইরানের সঙ্গে এখন যুক্তরাষ্ট্র বেশি দুর্বল অবস্থানে আছে আর ২৩ শতাংশ মনে করেন শক্তিশালী অবস্থানে আছে।
মার্কিন কংগ্রেসের ওই নির্দেশনা যুদ্ধের ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলবে তা তাৎক্ষণিভাবে পরিষ্কার হয়নি।
আরও পড়ুন:
ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে, ধাক্কা খেলেন ট্রাম্প