২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পকে হত্যা পরিকল্পনা নিয়ে চিরকুট লিখেছিলেন হামলাকারী

ফেডারেল আদালতে কৌঁসুলিদের দাখিল করা নথিতে দেখা গেছে, গ্রেপ্তার হওয়া রায়ান রুথ কয়েকমাস আগেই ট্রাম্পকে হত্যার ইচ্ছার কথা জানিয়ে এই চিরকুট লিখেছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2024, 12:54 AM

Updated : 26 Aug 2026, 10:31 AM

মাত্র দুই মাসের ব্যবধানে দু'বার হত্যাচেষ্টার শিকার হয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

প্রথম হত্যা চেষ্টা হয়েছিল গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে পেনসিলভেইনিয়ার নির্বাচনি সমবেশে। এরপর তাকে হত্যার চেষ্টা হয় ফ্লোরিডা রাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকার একটি গলফ ক্লাবে। 

এ ঘটনায় জড়িত সন্দেহে রায়ান ওয়েসলি রুথ নামে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিবিসি জানায়, এই বন্দুকধারী কয়েকমাস আগেই ট্রাম্পকে হত্যা করার ইচ্ছার কথা জানিয়ে একটি চিরকুট লিখেছিলেন। সোমবার ফেডারেল আদালতে কৌঁসুলিদের দাখিল করা নথিতে এমনটাই দেখা গেছে।

ওই চিরকুটে সন্দেহভাজন বন্দুকধারী রুথ ট্রাম্পের ওপর হামলা করার পরিকল্পনার কথা স্বীকার করার পাশাপাশি এ চেষ্টায় ব্যর্থ হওয়ার বিষয়টিও আঁচ করেছিলেন।

গত ১৫ সেপ্টেম্বর নিজের মালিকানাধীন মাঠে ট্রাম্প গলফ খেলছিলেন। সেখান থেকে কয়েকশ গজ দূরে গলফ কোর্সের সীমানার ঝোপঝাড়ের মধ্যে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম নিয়ে ওঁৎ পেতে ছিলেন হামলাকারী। তবে সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে দেখতে পেয়ে গুলি চালালে সবকিছু ফেলে সে পালিয়ে যায়।

হামলাকারী রুথ গ্রেপ্তার হওয়ার পর তদন্তকারীরা তার লেখা চিরকুটটি খুঁজে পায়।  এক বন্ধুর বাড়িতে একটি বক্সে রাখা ছিল সেই  চিরকুট।  তাতে  হামলাকারী ট্রাম্পকে হত্যার চেষ্টায় ব্যর্থ হওয়ার পূর্বাভাস দিয়ে তার বন্ধুদেরকে একাজ শেষ করার নির্দেশনা দিয়েছিলেন।

চিরকুটে লেখা হয়েছিল, “একাজ শেষ করার ভার এখন তোমাদের ওপর। একাজ যে সম্পন্ন করতে পারবে, তাকেই আমি ১ লাখ ৫০ হাজার ডলার পুরষ্কার দেব।” 

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নন এমন কথাও লেখা ছিল চিরকুটে। ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানোর কয়েক মাস আগে চিরকুটটি ওই বাড়িতে ফেলে রাখা হয়েছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল অনেক আগেই।

সোমবারেই আদালতে হাজির হওয়ার কথা রয়েছে রুথের। সেখানে তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে।