২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের নিরাপত্তা নিয়ে স্টারমারের আবেদন এড়িয়ে গেলেন ট্রাম্প

ইউক্রেইনকে সামরিক সহায়তা করার প্রতিশ্রুতি এড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেবল বলেছেন, ইউক্রেইনের সঙ্গে তার খনিজ চুক্তিই কিইভের জন্য নিরাপত্তার গ্যারান্টি।

ইউক্রেইনের নিরাপত্তা নিয়ে স্টারমারের আবেদন এড়িয়ে গেলেন ট্রাম্প
হোয়াইট হাউজের ওভাল অফিসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2025, 07:24 PM

Updated : 26 Aug 2026, 11:55 AM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনের সুরক্ষায় নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে কোনও ধরনের প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টি এড়িয়ে গেছেন।

বৃহস্পতিবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেইনের খনিজ চুক্তিটিই রাশিয়ার বিরুদ্ধে কিইভের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার নিশ্চয়তা।  

কিন্তু ইউক্রেইনকে মার্কিন সামরিক সহায়তা দিয়ে যাওয়ার বিষয়ে ট্রাম্পের কাছ থেকে যে প্রতিশ্রুতি লাভের আর্জি জানিয়েছিলেন স্টারমার, সে বিষয়ে ট্রাম্প কিছু বলেননি।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর স্টারমার প্রথম হোয়াইট হাউজে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, কেবল ট্রাম্পের কারণেই ইউক্রেইনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

বৈঠকে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে ট্রাম্পকে যুক্তরাজ্যে সফরের আমন্ত্রণ জানান স্টারমার। ট্রাম্প সে আমন্ত্রণ গ্রহণ করেছেন।

তবে ইউক্রেইন যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনার ফলে মিত্র দেশগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। ট্রাম্পের শুল্ক নীতিও ইউরোপীয় দেশগুলোর উদ্বেগ বাড়িয়েছে।

বৈঠকের আগে স্টারমার বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সুদৃঢ় নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া ইউক্রেইনে দীর্ঘমেয়াদি শান্তি সম্ভব নয়। তবে এ যুক্তি ট্রাম্প নাকচ করে দিয়েছেন।

তিনি বরং বলেন, “আমরা একটি দূর্গ। কারণ, আমরা সেখানে (ইউক্রেইন) থাকব। অর্থনৈতিক অংশীদারিত্বের ফলে আমরা কাজ করব। সেখানে আমরা অনেক মানুষ পাব।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বাস করতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “বিশ্বাস করুন এবং যাচাই করুন”।

ট্রাম্পের কথায়, ২০১৪ এবং ২০২২ সালে ইউক্রেইনে আগ্রাসন চালানো পুতিন একটি চুক্তি হওয়ার পর আবারও একই কাজ করবেন বলে তিনি মনে করেন না।

এমন নিবিড় একটি চুক্তি করার জন্য অলোচনা দ্রুত এগুচ্ছে বলে জানান ট্রাম্প। “হয় এটি খুব শিগিগিরই সুষ্ঠুভাবে হয়ে যাবে, নয়ত আদৌ হবে না,” বলেন তিনি।

তবে স্টারমার বলছেন, কেবল কোনও চুক্তি হলেই হবে না। হুড়োহুড়ি করে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি হলে তা ইউরোপে আরও অস্থিতিশীলতা ডেকে আনবে সে বিষয়টি নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যকার উদ্বেগ তুলে ধরেছেন স্টারমার।

ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে স্টারমার বলেন, “আমাদেরকে সঠিকভাবে এটি করতে হবে। আগ্রাসনকারী পুরস্কৃত হলে সেটি শান্তি হতে পারে না।”