Published : 11 Jan 2026, 06:27 PM
অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া দাবানলে একজন নিহত হয়েছে। আগুনে পুড়ে ধ্বংস হয়েছে ৩০০ বাড়ি ও ভবন।
কয়েকদিন ধরে অস্ট্রেলিয়াজুড়ে বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। প্রায় বেশিরভাগ আগুনই জ্বলছে ভিক্টোরিয়া রাজ্যে। নিউ সাউথ ওয়েলসও আগুনের গ্রাসে চলে গেছে, গ্রেটার লন্ডনের প্রায় দ্বিগুণ এলাকা আগুন পুড়ছে।
ভিক্টোরিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। হাজার হাজার দমকলকর্মী এবং ৭০ টিরও বেশি বিমান আগুন নেভাতে কাজ করছে।
এক ডজনেরও বেশি কমিউনিটির বাসিন্দাদেরকে তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বলা হয়েছে।
কর্তৃপক্ষের আশঙ্কা, খুবই গরম, শুষ্ক আবহাওয়া এবং দমকা বাতাসের কারণে বাড়তে থাকা দাবানলের আগুন আরও কয়েক সপ্তাহ ধরে জ্বলতে পারে।
ভিক্টোরিয়া রাজ্যের প্রধানমন্ত্রী জাসিন্টা অ্যালান বলেন, রাজ্যজুড়ে ৩০ টি স্থানে সক্রিয় দাবানল রয়েছে। এর মধ্যে ১০ টি স্থানে জ্বলতে থাকা আগুন বিশেষভাবে উদ্বেগের বিষয় হয়ে আছে।
তিনি জানান, রোববার স্থানীয় সময় রাত ৮ টা নাগাদ রাজ্যজুড়ে ৩৫০,০০০ হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে। আগুন এখনও জ্বলতে থাকায় আরও বাড়িঘর এবং সম্পদ পুড়ে ধ্বংস হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, রাজ্যের রাজধানী মেলবোর্ন থেকে ১১০ কিলোমিটার উত্তরে লংউড শহরের কাছে গোবুর গ্রামে মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। এই মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
ভিক্টোরিয়ার বিভিন্ন অংশে, এমনকি মেলবোর্ন নগরী এলাকাতেও দাবানলের ধোঁয়ায় বায়ুর গুণগত মান খারাপ হয়ে পড়েছে বলে জানিয়েছেন রাজ্য প্রধানমন্ত্রী অ্যালান।
কর্তৃপক্ষ বলছে, ২০১৯-২০২০ সালের দাবানলের পর এবারে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের এই দাবানলই সবচেয়ে ভয়াবহ। ২০২০ সালের দাবানলে তুরস্কের আয়তনের সমান এলাকা পুড়ে ধ্বংস হয় এবং ৩৩ জনের মৃত্যু হয়েছিল।