১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কৃষ্ণ সাগরে ইউক্রেইনের ড্রোন হামলায় রাশিয়ার জাহাজডুবি

রাশিয়ার নভোরোসিস্ক বন্দরের কাছে চলন্ত অবস্থায় এক লাখ টনি জাহাজটিতে হামলা চালানো হয়েছে বলে মালিক কোম্পানি রোসাটম জানিয়েছে।

কৃষ্ণ সাগরে ইউক্রেইনের ড্রোন হামলায় রাশিয়ার জাহাজডুবি
ইউক্রেইনের ওদেসার কাছে কৃষ্ণ সাগরে একটি পণ্যবাহী জাহাজ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2026, 09:45 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

কৃষ্ণ সাগরে ইউক্রেইনের ড্রোন হামলায় রাশিয়ার একটি কন্টেইনারবাহী জাহাজ ডুবে গেছে। তবে জাহাজটির কোনো নাবিক হতাহত হয়নি। 

স্থানীয় সময় শনিবার ভোররাতে রাশিয়ার নভোরোসিস্ক বন্দরের কাছে চলন্ত অবস্থায় হামলাটি হয়েছে বলে জাহাজটির মালিক কোম্পানি জানিয়েছে।    

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক বিদ্যুৎ কোম্পানি রোসাটম জানিয়েছে, কন্টেইনারবাহী জাহাজ ‘ইয়ানিনা’য় অন্তত দুটি ইউক্রেইনীয় ড্রোন আঘাত হানে, এতে এর ১৭ নাবিকের সবাই জাহাজটি ছেড়ে যেতে বাধ্য হয়। 

জাহাজটি রোসাটমের জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ফেস্কোর পরিচালনাধীন ছিল। হামলাকালে ইয়ানিনায় হিমায়িত খাদ্য ও নির্মাণ সামগ্রী বহন করা হচ্ছিল বলে রোসাটম জানিয়েছে।

জাহাজটি রোসাটমের পারমাণবিক শাখার সঙ্গে সম্পর্কিত কোনো কার্যক্রম পরিচালনা করছিল বা পারমাণবিক উপাদান বহন করছিল, তাৎক্ষণিকভাবে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। 

টেলিগ্রামে এক বিবৃতিতে রোসাটম বলেছে, “জাহাজটি ডুবে যেতে শুরু করার পর এর ক্রুরা সুসংগঠিত ও সমন্বিত উপায়ে এটি ছেড়ে যায়। ১৭ নাবিকের সবাইকে উদ্ধার করা হয়েছে আর তারা ভালো আছে।” 

রোসাটমের প্রধান নির্বাহী আলেক্সেই লিখাচেভ এক বিবৃতিতে বলেছেন, “এ ধরনের আক্রমণকে সমুদ্রপথে জলদস্যুতা ও ডাকাতি ছাড়া অন্য কিছু হিসেবে গণ্য করা যায় না।”

রাশিয়ার সঙ্গে প্রায় সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধে কৃষ্ণ সাগরে দেশটির পতাকাবাহী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে ইউক্রেইন। 

এক্সে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, “রাশিয়ার নিষেধাজ্ঞা কবলিত কন্টেইনার জাহাজ ইয়ানিন, যা এক লাখ টনেরও বেশি ধারণক্ষমতা সম্পন্ন, রাশিয়ার পতাকা উড়িয়ে চলাকালে আঘাত প্রাপ্ত হয়েছে। আমাদের প্রতিরক্ষা বাহিনীর নির্ভুল আঘাতের ক্ষমতাকে ধন্যবাদ, এটিকে তলদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।” 

গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া ও ইউক্রেইন, উভয়েই একে অপরের জাহাজগুলোতে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। এসব জাহাজ প্রতিপক্ষের যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করছে বলে অভিযোগ তাদের।