২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র মাদুরোর সঙ্গে আলোচনা শুরু করতে পারে: ট্রাম্প

ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার বিষয়ে তিনি ‘মোটামুটি মনস্থির করে ফেলেছেন’। এ বিষয়ে শিগগিরই একটি সিদ্ধান্ত আসবে।

যুক্তরাষ্ট্র মাদুরোর সঙ্গে আলোচনা শুরু করতে পারে: ট্রাম্প
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 04:00 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনা শুরু করতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের তিনি বলেন, “মাদুরোর সঙ্গে আমাদের কিছু আলোচনা হতে পারে আর তার ফল কী হয় আমরা দেখবো। তারা কথা বলতে চায়।” 

ফ্লোরিডা থেকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে ফিরতে ‘এয়ার ফোর্স ওয়ান’ আকাশযানে ওঠার আগে তিনি এসব কথা বলেন। 

রয়টার্স জানিয়েছে, মাদুরোর সঙ্গে কথা বলার সম্ভাবনা নিয়ে আর বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে অবৈধ মাদক কারবারের সম্পর্ক আছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের, যা মাদুরোর প্রত্যাখ্যান করে আসছেন।  

ভেনেজুয়েলার উপকূল সংলগ্ন ক্যারিবীয় সাগর ও পুয়ের্তো রিকো দ্বীপে ব্যাপক সামরিক সমাবেশ গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র আর ওই অঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী নৌযানগুলোতে প্রাণঘাতী হামলা চালাচ্ছে। এ নিয়ে বাড়তে থাকা উত্তেজনাকর পরিস্থিতিতে ওয়াশিংটনের ক্রমবর্ধমান চাপের মুখে আছেন মাদুরো। 

রয়টার্স লিখেছে, ট্রাম্পের ওই মন্তব্য এই উত্তেজনা কমানোর পথে প্রথম ইঙ্গিতগুলোর একটি। 

ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের বিকল্পগুলো নিয়ে গত সপ্তাহে হোয়াইট হাউজে তিনটি বৈঠক করেছেন ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নাম না প্রকাশ করার শর্তে অন্য কর্মকর্তারা জানিয়েছেন, এসব বিকল্পগুলোর মধ্যে ভেনেজুয়েলার ভেতরে স্থল হামলা চালানোর বিষয়টিও ছিল। 

শুক্রবার ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার বিষয়ে তিনি ‘মোটামুটি মনস্থির করে ফেলেছেন’। এ বিষয়ে শিগগিরই একটি সিদ্ধান্ত আসবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। 

রোববার ট্রাম্প যা বলেছেন সেই বিষয়ে তাদের মন্তব্য জানানোর জন্য ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছিল রয়টার্স, কিন্তু তারা সাড়া দেয়নি।   

একইদিন এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় কার্টেল দে লোস সোলেস নামের কথিত মাদক সংগঠনকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকভুক্ত করছে। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রে মাদকদ্রব্য পাঠাতে অপরাধী সংগঠন ট্রেন দে আরাগুয়ার সঙ্গে কাজ করে কার্টেল দে লোস সোলেস।

ট্রাম্প প্রশাসন বলেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কার্টেল দে লোস সোলেসকে নেতৃত্ব দেন। কিন্তু মাদুরো এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

রুবিওর ঘোষণার মানে যুক্তরাষ্ট্র মাদুরোর সম্পদ ও ঘরবাড়িতে আঘাত হানতে পারে কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “এটি আমাদের তা করার বৈধতা দেয়, কিন্তু আমরা বলেনি যে আমরা তা করতে যাচ্ছি।” 

রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওই চক্রটিকে আগামী ২৪ নভেম্বর থেকে বিদেশি সন্ত্রাসী সংগঠন (এফটিও) হিসেবে বিবেচনা করার পরিকল্পনা করছে। এর অর্থ, সেদিন থেকে মাদুরো যুক্তরাষ্ট্রের কাছে কার্যত সন্ত্রাসী হিসেবেই বিবেচিত হবেন।

“মাদুরো কথা বলতে আগ্রহী’, এ বক্তব্যে তিনি কী বোঝাতে চেয়েছেন, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “আমি যে কারো সঙ্গে কথা বলি।” 

অক্টোবরের প্রথমদিকে ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন। ফলে সরাসরি কূটনৈতিক চ্যানেলে মাদুরোর সঙ্গে যোগাযোগ করার উপায় নেই ওয়াশিংটনের। 

আরও পড়ুন: 

'মাদুরো নেতৃত্বাধীন কার্টেলকে' সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে যাচ্ছে

ফের সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন বাহিনীর হামলা, নিহত ৩

ভেনেজুয়েলায় সামরিক হামলা নিয়ে মনস্থির করে ফেলেছেন ট্রাম্প

সামরিক উত্তেজনা বাড়ায় ভেনেজুয়েলাকে নিয়ে মার্কিন কর্মকর্তাদের ...