২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেলোসির বাড়িতে হামলা ‘উদ্দেশ্যমূলক’, বলছে পুলিশ

এক সংবাদ সম্মেলনে সান ফ্রান্সিসকোর পুলিশ প্রধান উইলিয়াম স্কট বলেন, ‘এটি লক্ষ্যহীন কোনো কাজ নয়। এটি উদ্দেশ্যমূলক।’

পেলোসির বাড়িতে হামলা ‘উদ্দেশ্যমূলক’, বলছে পুলিশ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সান ফ্রান্সিসকোর বাড়িতে তার স্বামীর ওপর হামলার পর ঘটনাস্থলে এফবিআইয়ের গোয়েন্দাদের দেখা যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2022, 02:17 PM

Updated : 29 Oct 2022, 02:17 PM

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সান ফ্রান্সিসকোর বাড়িতে তার স্বামী পল পেলোসির ওপর হামলা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

তারা বলেছে, এই হামলা এলোমেলো কোনো কাজ নয়।

শুক্রবার স্থানীয় সময় রাতে এক সংবাদ সম্মেলনে সান ফ্রান্সিসকোর পুলিশ প্রধান উইলিয়াম স্কট বলেন, “এটি লক্ষ্যহীন কোনো কাজ নয়। এটি উদ্দেশ্যমূলক।”

তিনি জানান, কর্তৃপক্ষ এখনও হামলার উদ্দেশ্য নির্ধারণ করতে কাজ করে যাচ্ছে, তবে তারা সন্দেহভাজন হামলাকারীর বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ আনতে চায়।

হামলাকারীর সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে স্কট আর কোনো মন্তব্য করতে রাজি হননি বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের স্থানীয় সময় রাত ২টার পরে পলের ওপর হামলা চালায় এক পুরুষ অনুপ্রবেশকারী। হামলাকারী তাদের লাল ইটের তিনতলা বাড়িটির পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে স্পিকার ন্যান্সি পেলোসিকে খুঁজতে থাকে।

সে ‘ন্যান্সি কোথায়? ন্যান্সি কোথায়?’ বলে চেঁচাতে থাকে। এ সময় সে ন্যান্সির স্বামী পলের মুখোমুখি হয়ে তার ওপর হাতুরি নিয়ে হামলা চালায়। ‘ন্যান্সি বাসায় না ফেরা পর্যন্ত’ সে পলকে বেঁধে রাখার চেষ্টা করে বলে সিএনএনকে জানিয়েছেন পরিস্থিতি সম্পর্কে জানেন এমন দুটি সূত্র।

রাত ২টা ২৭ মিনিটে পুলিশ আসার পর হামলাকারী বলে, সে ‘ন্যান্সির জন্য অপেক্ষা করছে’। পুলিশ আসার পরও হামলাকারী পলকে হাতুরি দিয়ে আরেকবার আঘাত করে আর পল আঘাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ হামলাকারীকে বাধা দেয় ও তাকে গ্রেপ্তার করে।

এরপর পলকে (৮২) দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার ফেটে যাওয়া মাথা, আঘাত পাওয়া ডান হাত ও বাহুতে অস্ত্রোপচার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন স্পিকার পেলোসির মুখপাত্র ড্রু হ্যামল। চিকিৎসকরা আশা করছেন, পল দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

এ ঘটনার সময় ন্যান্সি পেলোসি সান ফ্রান্সিসকোর বাড়িতে ছিলেন না, তিনি ওয়াশিংটনে ছিলেন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র ১২ দিন আগে চালানো এ হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিরোধীদল রিপাবলিকান পার্টির বিশিষ্ট নেতারাও এ হামলার নিন্দা জানিয়েছেন।

আরও পড়ুন:

পুরনো খবর:

পেলোসিকে না পেয়ে তার স্বামীকে হাতুড়ি দিয়ে পেটায় অনুপ্রবেশকারী