ইউক্রেইনের সঙ্গে শান্তি আলোচনা আয়োজন করতে পারে স্লোভাকিয়া: পুতিন
স্লোভাকিয়া আনন্দের সঙ্গে তাদের দেশকে আলোচনার মঞ্চ হিসেবে ব্যবহার করতে দিতে চায়। এতে আমাদের আপত্তি নেই- বলেন রুশ প্রেসিডেন্ট।
যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে শান্তি আলোচনা আয়োজনে স্লোভাকিয়ার প্রস্তাবে আপত্তি নেই মস্কোর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একথা জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়া একটি সমাধানে পৌঁছতে দৃঢ়প্রতিজ্ঞ।
পুতিন এ সপ্তাহে ক্রেমলিনে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে স্বাগত জানান। পুতিন বলেন, ইউক্রেইনে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া অস্ত্র সহায়তার স্পষ্টভাষী সমালোচক হচ্ছেন ফিকো। তিনি তার দেশকে রাশিয়া এবং ইউক্রেইনের মধ্যে আলোচনার আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছেন।
এ প্রস্তাব সম্পর্কে পুতিন বলেন, “স্লোভাকিয়া কর্তৃপক্ষ আনন্দের সঙ্গে তাদের দেশকে আলোচনার মঞ্চ হিসেবে ব্যবহার করতে দিতে চায়। এতে আমাদের কোনও আপত্তি নেই। তারা এটা চাইলে কেন নয়? যেহেতু স্লোভাকিয়া একটি নিরপেক্ষ অবস্থানে আছে।”
মধ্য ও পূর্ব ইউরোপের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সদস্য দেশগুলোর মধ্যে স্লোভাকিয়া ইউক্রেইনকে ইইউয়ের দেওয়া সহায়তার বিরোধিতা করে আসছেন। তিনি রাশিয়ার সঙ্গে আলোচনার সমর্থক।
স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুরাজ ব্লানার বলেন, স্লোভাকিয়া অনেক দিন থেকেই ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান খুঁজছে। এখন পুতিন স্লোভাকিয়ার প্রস্তাবে আপত্তি নেই বলে মন্তব্য করে যুদ্ধ শেষের পথে ‘ইতিবাচক সংকেত’দিলেন।
স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী এর আগে গত অক্টোবর মাসে মন্ত্রিসভার এক যৌথ বৈঠকে শান্তি পক্রিয়ায় তার দেশের সক্রিয়ভাবে অবদান রাখার এই প্রস্তাব দিয়েছিল ইউক্রেইনকেও।
কিন্তু ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের সীমান্ত সংলগ্ন স্লোভাকিয়ার সমালোচনা করে এসেছেন বার বার। রাশিয়ার প্রতি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকোর বন্ধুত্বপূর্ণ কথাবার্তার কারণে জেলেনস্কির এই সমালোচনা।
ওদিকে, পুতিন বরাবারই বলে এসেছেন, রাশিয়া কিইভের সঙ্গে সংঘাত অবসানে অলোচনা করতে রাজি। তারপরও ইউক্রেইনে রাশিয়ার লক্ষ্য অর্জন থেকে পিছু হটার কোনও লক্ষণ দেখাননি তিনি।
