Published : 09 Mar 2025, 06:33 PM
লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনস্টারে অবস্থিত এলিজাবেথ টাওয়ারের নিচের অংশ পর্যন্ত বেয়ে ওঠা এক ব্যক্তি ১৬ ঘণ্টা পর সেখান থেকে নেমে আসার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ।
টাওয়ারে উঠে ওই ব্যক্তি ফিলিস্তিনের পতাকা উড়ানোর পাশাপাশি ‘ফিলিস্তিন মুক্ত করো’ স্লোগানও দিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।
এই এলিজাবেথ টাওয়ারেই বিখ্যাত ‘বিগ বেন’ ঘড়িটি অবস্থিত, যে কারণে অনেকে একে বিগ বেন টাওয়ারও বলে।
“লন্ডন দমকল বাহিনীসহ অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করেছি ও বিশেষজ্ঞ কর্মকর্তা মোতায়েন করেছিলাম যেন যত দ্রুত সম্ভব এ ঘটনার ইতি টানা যায়, জীবনের ঝুঁকি কমিয়ে আনা যায়,” মেট্রোপলিটন পুলিশের মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জরুরি পরিষেবার কর্মীরা একটি ক্রেনে চেপে ওই ব্যক্তির কাছাকাছি পৌঁছান ও তার সঙ্গে কথা বলেন। প্রথমে ওই ব্যক্তি বলেছিলেন, তিনি নিজের খেয়াল খুশিমতো নামবেন, পরে তিনি নিজেই নেমে আসেন।
মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা এর আগে বলেছিলেন, তারা শনিবার স্থানীয় সময় রাত ৭টা ২৪ মিনিটের দিকে এক ব্যক্তির এলিজাবেথ টাওয়ারে ওঠার খবর পান।
ওই ঘটনার প্রতিক্রিয়ায় রোববার সকালে ওয়েস্টমিনস্টার ব্রিজ বন্ধ রাখা হয়, বাতিল হয় পার্লামেন্ট ভবনের আশপাশে সব ধরনের ভ্রমণও, বলেছে স্কাই নিউজ।
ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর আশপাশের সব সড়কে যান চলাচল ফের খুলে দেওয়া হয়েছে, জানিয়েছে পুলিশ।