পপকর্নে চড়া কর, ভারত সরকারের সিদ্ধান্তে শোরগোল
ভারতের পণ্য ও পরিষেবা কর কাউন্সিল মোট তিন ধরনের পপকর্নের উপর আলাদা আলাদা কর ধার্য করার পর তুমুল বিরোধিতার মুখে পড়েছে।
স্বল্প মূল্যের মুখরোচক খাবার পপকর্ন অনেকেরই খেতে পছন্দ। কিন্তু সেই খাবারের ওপরই চড়া কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ফলে খাবারটি খেতে এবার ভাল অঙ্কের অর্থই খরচ করতে হবে পপকর্নপ্রেমীদের।
ভারতের জিএসটি কাউন্সিল মোট তিন ধরনের পপকর্নের উপর যথাক্রমে ৫, ১২ ও ১৮ শতাংশ পণ্য ও পরিষেবা কর (জিএসটি) আরোপের সুপারিশ করেছে। এরপরই বিরোধীদলগুলো সমালোচনায় সরব হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে।
শনিবার সন্ধ্যায় জিএসটি কাউন্সিলের ৫৫ তম বৈঠক অনুষ্ঠিত হয় রাজস্থানের জয়সলমীরে। ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের সভাপতিত্বে এই বৈঠক হয়।
বৈঠকে একগুচ্ছ পণ্যের দাম কমানো ও বাড়ানোর সুপারিশ করা হয়। এর মধ্যেই পপকর্নের ওপর কর নিয়ে বড় ধরনের ওই সিদ্ধান্ত হয়। পপকর্নের স্বাদ অনুযায়ী কর বেশি বা কম করার সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল।
প্যাকেটজাত এবং লেবেলযুক্ত রেডি-টু-ইট পপকর্নের উপর ১২% কর ধার্য রয়েছে। ক্যারামেলাইজড পপকর্নের উপর করের হার ১৮%। অপরদিকে, প্যাকেট ছাড়া এবং লেবেলবিহীন নোনতা ও মশলা মেশানো পপকর্নের উপর ৫% জিএসটি ধার্য করেছে কেন্দ্রীয় সরকার।
পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কাউন্সিল জানিয়েছে, পপকর্নের ভিন্ন ভিন্ন গুণাগুণ এবং প্রস্তুত প্রণালীর ওপর নির্ভর করে আলাদা আলাদা হারে কর ধার্য করা হয়েছে।
কাউন্সিলের এই ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে পপকর্নের উপর কর নিয়ে মিমের ঝড় ওঠে। সাধারণ মানুষ এবং পপকর্নপ্রেমীরা এই কর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ হাস্যরসের মাধ্যমে বিষয়টি উপভোগ করলেও, অনেকেই পপকর্নের উপর করা ধার্য করা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ক্যারামেল পপকর্নের উপর ১৮ শতাংশ জিএসটি আরোপের সুপারিশকে কেন্দ্র করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পপকর্নের উপর জিএসটি হার সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, কিছু রাজ্যে নোনতা, ক্যারামেলাইজড, সাধারণ পপকর্নকে নোনতা হিসেবে ধরা হয়। ক্যারামেলাইজড পপকর্নে অতিরিক্ত চিনি ব্যবহৃত হয় বলে এর উপর করের হার আলাদা থাকছে।
কিন্তু বিরোধীদলীয় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এমনকী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সমর্থকরাও স্যোশাল মিডিয়ায় সমালোচনায় সরব হয়েছেন। সরকারের সাবেক দুই অর্থনৈতিক উপদেষ্টা পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলেছেন।
