নামিবিয়ার প্রথম প্রেসিডেন্ট স্যাম নুজোমার মৃত্যু
অফ্রিকার দেশ নামিবিয়ার স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন নুজোমা। ২০০৫ সাল পর্যন্ত তিনি দেশটির নেতৃত্বে ছিলেন।
স্বাধীন নামিবিয়ার প্রথম প্রেসিডেন্ট স্যাম নুজোমা রাজধানী উইন্ডহোকে ৯৫ বছর বয়সে মারা গেছেন।
নামিবিয়ার বর্তমান প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুম্বা অত্যন্ত শোক ও দুঃখের সঙ্গে এক বিবৃতিতে নুজোমার মৃত্যুর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “নুজোমা অসুস্থতার কারণে গত তিন সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি আর সুস্থ হতে পারেননি।
“তিনি আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে এবং আমাদের পূর্বপুরুষদের এই বিশাল ভূখণ্ডের মনিব হতে আমাদেরকে উদ্দীপিত করেছেন।”
“আমাদের প্রতিষ্ঠাতা পিতা দীর্ঘ এবং গরিমাপূর্ণ জীবনযাপন করেছেন। জীবদ্দশায় তিনি বিশেষভাবে তার প্রিয় দেশের জনগণের সেবা করেছিলেন”, বলা হয় বিবৃতিতে।
বিবিসি জানায়, দক্ষিণ আফ্রিকা থেকে দেশের স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন নুজোমা। ১৯৬০ এর দশকে সাউথ ওয়েস্ট পিপলস অর্গানাইজেশন নামে পরিচিত নামিবিয়ার মুক্তি আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন তিনি। এরপরই তিনি ১৯৯০ সালে নামিবিয়ার স্বাধীনতার জন্য লড়াইয়ে নেতৃত্ব দেন।
স্বাধীনতার পর ২০০৫ সাল পর্যন্ত নামিবিয়ার নেতৃত্বে ছিলেন নুজোমা। ওই বছর তিনি অবসরে গেলেও দলের প্রেসিডেন্ট হিসাবে নেতৃত্ব দিয়েছিলেন ২০০৭ সালে পদত্যাগের আগ পর্যন্ত।
তার মৃত্যুতে নামিবিয়াবাসী শোকাহত। জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে তারা।
