২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়ে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ মে মাসের নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে অস্ট্রেলিয়ার ক্ষমতায় রয়েছেন।

রেকর্ড গড়ে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার রাজধানী কানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন দ্য লজের বাগানে ব্যক্তিগত পরিসরে এ বিয়ে অনুষ্ঠিত হয়। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 11:34 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ তার নতুন সঙ্গী জডি হেডেনকে বিয়ে করেছেন। আলবানিজ দেশটির প্রথম প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতায় থাকা অবস্থায় বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন।

আলবানিজ (৬২) এবং হেডেনের বিয়ে অস্ট্রেলিয়ার রাজধানী কানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন দ্য লজের বাগানে ব্যক্তিগত পরিসরে অনুষ্ঠিত হয়, খবর আন্তর্জাতিক গণমাধ্যমের। 

বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় এক শব্দে আলবানিজ লিখেছেন, ‘ম্যারিড’। গণমাধ্যমের আসা ভিডিওতে দেখা যায় তিনি বো-টাই পরে কনের হাত ধরে দাঁড়িয়ে আছেন, লম্বা সাদা পোশাকে সজ্জিত কনের মুখে হাসি আর চারপাশে কনফেত্তি (রঙিন কাগজের ছোট ছোট টুকরা) বর্ষিত হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল তাদের পোষা কুকুর টোটো। টোটো নবদম্পতির বিয়ের আংটি বহন করেছে। 

আনুষ্ঠানিকতা শেষে স্টিভি ওয়ান্ডারের ‘সাইন্ড, সিল্ড, ডেলিভার্ড - আই অ্যাম ইওরস’গানের আমেজের মধ্যে নবদম্পতি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আলবানিজ হেডেনকে ভালোবাসার কথা জানানোরও এক বছরের বেশি সময় পর তারা বিয়ের পাঠ সারলেন। 

২০২৪ সালের ভালোবাসা দিবসের দিনই তিনি জানিয়েছিলেন মনের কথা। তিনি তখন বলেছিলেন, তিনি এমন একজন সঙ্গী খুঁজে পেয়েছেন যার সঙ্গে তিনি তার বাকি জীবন কাটাতে চান।

নবদম্পতিরা সোমবার থেকে পাঁচদিনের জন্য দেশের ভেতরেই হানিমুনে যাচ্ছেন। 

২০১৯ সালে আগের স্ত্রীর সঙ্গে আলবানিজ বিয়ে বিচ্ছেদ হয়। এরপর প্রায় পাঁচ বছর আগে মেলবোর্নের একটি ব্যবসায়িক নৈশভোজে হেডেনের সঙ্গে তার পরিচয় হয়। 

লেবার পার্টির নেতা আলবানিজ মে মাসের নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় রয়েছেন। তিনি বিদ্যালয়ে থাকাকালীনই রাজনীতিতে যুক্ত হয়েছিলেন এবং পরে সিডনি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন।