ইউক্রেইনের নগরীতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫১
পোলতভায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এত সংখ্যক মানুষ নিহতের ঘটনা ইউক্রেইনের জন্য স্পষ্টতই খুবই কালো একটি দিন।
ইউক্রেইনের পোলতভা নগরীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ হামলায় আহত হয়েছে আরও ২০০ জনের বেশি মানুষ। প্রাথমিক খবরে একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি হাসপাতালে দুটি ক্ষেপণাস্ত্র হামলা হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছিলেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছিল, মানুষজন বোমা শেল্টারে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে। বিমান হামলার সতর্ক সংকেত বাজার পরপরই এ হামলা হয়।
পরে ইউক্রেইনের সশস্ত্র বাহিনী জানায়, যেসব ভবনে হামলা হয়েছে তার মধ্যে ছিল একটি সামরিক প্রশিক্ষণ ইন্সটিটিউট। সেখানে হতাহতদের মধ্যে সেনাও রয়েছে বলে তারা নিশ্চিত করে জানিয়েছে।
পোলতভায় ক্ষেপণাস্ত্র হামলায় এত সংখ্যক মানুষ হতাহতের ঘটনা ঘটা ইউক্রেইনের জন্য স্পষ্টতই খুবই কালো একটি দিন। এ বছর ইউক্রেইনে রুশ বাহিনীর চালানো এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।
ফ্রন্টলাইন থেকে দূরে পূর্ব-মধ্য ইউক্রেইন অঞ্চলে পোলতভাই প্রধান শহর হিসাবে রাশিয়ার হামলার নিশানা হয়েছে। রাশিয়া বলছে, পোলতভার সামরিক ইন্সটিটিউটে সেনাদের প্যারেডে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
তবে ইউক্রেইন এমন খবর অস্বীকার করেছে। ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, হামলার সময় ইন্সটিটিউটটিতে কোনও প্যারেড বা অন্য কোনওরকম অনুষ্ঠান চলছিল না।
বিবিসি জানায়, হামলায় সম্ভবত ইস্কান্দর-এম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০ কিলোমিটার। ইউক্রেইনের সেনাবাহিনী সোমবার রাতে ক্রাইমিয়া থেকে ইস্কান্দর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানায়।
