২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাজনের ‘পাতা উল্টানোর’ অঙ্গীকার কমলা হ্যারিসের

আমেরিকার জন্য এখন দিনবদলের সময় উল্লেখ করে তিনি বলেন, দেশের নাগরিকরা নতুন পথে যাত্রা শুরু করতে প্রস্তুত।

বিভাজনের ‘পাতা উল্টানোর’ অঙ্গীকার কমলা হ্যারিসের
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2024, 06:12 PM

Updated : 26 Aug 2026, 10:22 AM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার পর মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এ দেওয়া প্রথম সাক্ষাৎকারে কমলা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুগের বিভাজনমূলক বাগাড়ম্বরের ‘পাতা উল্টানোর’ অঙ্গীকার করেছেন।

আমেরিকার জন্য এখন দিনবদলের সময় উল্লেখ করে তিনি বলেন, দেশের নাগরিকরা নতুন পথে যাত্রা শুরু করতে প্রস্তুত। তাদের এখন পাতা উল্টানোর সময়।

সিএনএনের সঞ্চালক ডানা বাশকে বৃহস্পতিবার দেওয়া এ সাক্ষাৎকারে হ্যারিসের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজও ছিলেন। সরকার, রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি, সীমান্তনীতি, পররাষ্ট্রনীতি, জ্বালানিনীতি, অভিবাসন ও জলবায়ুসহ বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে এ সাক্ষাৎকারে।

কমলা হ্যারিস গুরুত্বপূর্ণ নানা বিষয়ে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তরে কথা বলতে গিয়ে হ্যারিস জানান, অবৈধ অভিবাসনের প্রসঙ্গে তিনি কঠোর হবেন এবং তেল-গ্যাস উত্তোলনের জন্য বিতর্কিত ‘ফ্র্যাকিং’ পদ্ধতিতে তার সমর্থন থাকবে। 

তিনি জানান যে, তার মূল্যবোধ পরিবর্তন হয়নি। এ বিষয়ে হ্যারিস বলেন, “আমি মনে করি আমার নীতিগত দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হ'ল আমার মূল্যবোধ পরিবর্তন হয়নি।” 

এ সময়ই ট্রাম্প যুগের বিভাজনের পাতা উল্টানোর অঙ্গীকার করেন হ্যারিস। তিনি বলেন, “সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান হিসেবে সত্যিই আমাদের জাতিকে বিভক্ত করেছেন। আমি মনে করি মার্কিন নাগরিকরা একটি কঠিন সময় পেরিয়ে এখন সামনের দিকে এগিয়ে যেতে প্রস্তুত।”

ওদিকে, “বিরক্তিকর!!” কেবলমাত্র এই একটা শব্দ উচ্চারণ করেই প্রতিপক্ষ রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে হ্যারিসের সাক্ষাৎকার নিয়ে তার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। 

তবে ট্রাম্প ক্ষমতায় থাকাকালে রাজনৈতিক প্রতিপক্ষ, গণমাধ্যম এবং অন্যান্যদের শত্রু হিসাবে দেখা এবং নেতিবাচকতার যে আবহ তৈরি করেছিলেন, সেই সাবেক প্রেসিডেন্ট আমলের পাতা উল্টোনো হিসাবেই এবারের নির্বাচনে হ্যারিসের প্রচারাভিযানকে দেখছে ডেমোক্র্যাটরা।

প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস তার লড়ার কারণ ব্যাখ্যা করে সাক্ষাৎকারে বলেছেন, তার বিশ্বাস, জাতি-লিঙ্গ নির্বিশেষে সব আমেরিকানের জন্য এ মুহূর্তে দিনবদলের কাজটি করার সেরা ব্যক্তি তিনি।

নির্বাচিত হলে প্রেসিডেন্ট হিসেবে প্রথম কাজ কী হবে তা জানতে চাওয়া হলে হ্যারিস বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী করার ওপর জোর দেবেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম ও সর্বোচ্চ অগ্রাধিকারের একটি বিষয় হবে মধ্যবিত্ত শ্রেণিকে শক্তিশালী করা।

হ্যারিস আগেই ঘোষণা দিয়ে বলেছিলেন, তিনি নির্বাচিত হলে সব আমেরিকানের প্রেসিডেন্ট হবেন। সেই প্রসঙ্গেই সাক্ষাৎকারে হ্যারিস বলেন, তিনি নির্বাচিত হলে তার মন্ত্রিসভায় একজন রিপাবলিকানকে রাখবেন। 

হ্যারিস বলেন, “আমি আমার কর্মজীবন কাটিয়েছি ভিন্ন মতামতকে আমন্ত্রণ জানিয়ে। আমি মনে করি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় ভিন্নমতের কারও মতামতও জরুরি।”

সূত্র, বিবিসি/সিএনএন