নাগরিকদের জন্য পাঁচ বছরের ভিসা চালু করছে চীন-অস্ট্রেলিয়া
৭ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় এ সপ্তাহে চীনের প্রধানমন্ত্রীর সফরের পর দুই দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার এ উদ্যোগ এল।
চীন এবং অস্ট্রেলিয়া একে অপরের দেশের নাগরিকদের পর্যটন ও ব্যবসায়িক কাজে ভ্রমণের জন্য পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করছে।
শুক্রবার থেকেই এ ভিসা ব্যবস্থা চালু হচ্ছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়। দুই দেশের মধ্যে সম্পর্কন্নোয়নের এটি আরেকটি লক্ষণ।
চীনের নাগরিকরা এর আগে অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য ১ বছর পর্যন্ত কিংবা ঘন ঘন যাতায়তের জন্য ১০ বছর পর্যন্ত ভিসার জন্য আবেদন করতে পারত।
এবার অস্ট্রেলিয়ায় ৭ বছরের মধ্যে এ সপ্তাহে প্রথম চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মাইলফলক সফরের পর দুই দেশের নাগরিকদের জন্য ৫ বছরের মাল্টিপল ভিসা চালুর এ উদ্যোগ এল।
চীনা প্রধানমন্ত্রীর ওই সফরে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে কয়েক বছরের বরফ গলেছে। সম্পর্ক হয়েছে স্থিতিশীল।
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন ২০২০ সালে কূটনৈতিক বিরোধের কারণে কয়লা, ওয়াইন, বার্লি, কাঠসহ অস্ট্রেলিয়ান বিভিন্ন পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে অস্ট্রেলিয়ান লবস্টার রপ্তানি ছাড়া এখন সব বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
গত রোববার অস্ট্রেলিয়া সফরকালে চীনের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আলোচনার পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক জোরদারের জন্য পান্ডা কূটনীতিরও আশ্রয় নেন।
করোনাভাইরাস মহামারীর কারণে সীমান্ত বন্ধ থাকার পর চীন গত বছর কয়েকটি দেশের দর্শণার্থীদের জন্য ভিসার শর্ত কিছুটা শিথিল করেছিল।
তবে এবার চীনা প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া সফরের সময় বলেছেন যে, চীন অস্ট্রেলিয়ার নাগরিকদেরকে ভিসামুক্ত ভ্রমণ সুবিধাও দেবে। এর আওতায় অস্ট্রেলিয়ার নাগরিকরা ভিসা ছাড়াই ১৫ দিন পর্যন্ত চীনে ভ্রমণ করতে পারবে।
