২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যিশুকে অবমাননা, ইন্দোনেশিয়ায় টিকটকারের কারাদণ্ড

রাতু থালিসা নামের এক মুসলিম ট্রান্সজেন্ডার নারী তার ফোনে যিশু খ্রিস্টের একটি ছবি হাতে নিয়ে কথা বলে তাকে চুল কাটার পরামর্শ দিয়েছিলেন বলে অভিযোগ আছে।

যিশুকে অবমাননা, ইন্দোনেশিয়ায় টিকটকারের কারাদণ্ড
রাতু থালিসার বিরুদ্ধে আদালতের রায়ের নিন্দা জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো। ছবি: বিবিসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2025, 09:01 PM

Updated : 26 Aug 2026, 12:00 PM

ইন্দোনেশিয়ায় যিশুকে অবমাননার অভিযোগে এক টিকটকারকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত রাতু থালিসা এক মুসলিম ট্রান্সজেন্ডার নারী।

তিনি তার ফোনে যিশু খ্রিস্টের একটি ছবি হাতে নিয়ে কথা বলে তাকে চুল কাটার পরামর্শ দিয়েছিলেন বলে অভিযোগ আছে।

বিবিসি লিখেছে, টিকটকে এই নারীর ৪ লাখ ৪২ হাজারের বেশি অনুসারী। টিকটকে একটি লাইভ ভিডিওতে তিনি একজনের মন্তব্যের জবাব দিতে গিয়ে যিশুকে নিয়ে ওই অবমাননাকর মন্তব্য করেছিলেন।

লাইভের সময় এক দর্শক (ভিউয়ার) থালিসাকে বলেছিলেন, তিনি যেন চুল কেটে ফেলেন, যাতে তাকে নারীর মতো না দেখায়। এর জবাবেই থালিসা যিশু খ্রিস্টের একটি ছবি তুলে ধরে যিশুকে উদ্দেশ্য করে বলেন, “আপনিও নারীর মতো দেখতে। আপনার চুল কেটে ফেলা উচিত, যাতে আপনি তার (দর্শক) বাবার মতো দেখতে হন।”

সোমবার সুমাত্রার মেডান শহরের একটি আদালত থালিসাকে ইন্দোনেশিয়ার অনলাইনে বিতর্কিত ধর্মবিদ্বেষমূলক বক্তব্য-বিরোধী আইনের আওতায় দোষী সাব্যস্ত করে ২ বছর ১০ মাসের কারাদণ্ড দিয়েছে।  

আদালত বলেছে, থালিসার মন্তব্য সমাজে ‘জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে’ এবং এটি ‘ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি’। তাই তাকে প্রাথমিকভাবে ধর্মবিদ্বেষী বক্তব্য এবং ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত করা হয়।  

একাধিক খ্রিস্টান সংগঠন থালিসার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার পরই আদালতের কারাদণ্ডের রায় আসে। তবে মানবাধিকার সংগঠনগুলো এ রায়ের তীব্র নিন্দা জানিয়েছে। 

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে “থালিসার মতপ্রকাশের স্বাধীনতার ওপর ভয়াবহ হস্তক্ষেপ” আখ্যা দিয়ে তার দণ্ড বাতিলের আহ্বান জানিয়েছে।  

“ইন্দোনেশিয়া কর্তৃপক্ষের উচিত নয় দেশের ইলেকট্রনিক তথ্য ও লেনদেন (ইআইটি) আইনকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্যের জন্য কাউকে শাস্তি দিতে ব্যবহার করা,” এক বিবৃতিতে বলেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্দোনেশিয়ার নির্বাহী পরিচালক উসমান হামিদ।  

তিনি আরও বলেন, “যদিও ইন্দোনেশিয়ার উচিত ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মতো বক্তব্য নিষিদ্ধ করা, যা বৈষম্য, শত্রুতা বা সহিংসতায় উস্কানি দেয়, কিন্তু থালিসার বক্তব্য সে পর্যায়ে পৌঁছায় না।”

হামিদ ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষকে থালিসার দণ্ড বাতিলের আহ্বান জানান এবং তার দ্রুত মুক্তি নিশ্চিত করতে বলেন। একই সঙ্গে তিনি ইআইটি আইনের “সমস্যাযুক্ত বিধান”— বিশেষত নৈতিকতা, মানহানি ও বিদ্বেষমূলক বক্তব্য অপরাধ হিসেবে গণ্য করার ধারাগুলো বাতিল বা সংশোধনের আহ্বান জানান।  

ইন্দোনেশিয়ায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও সেখানে বৌদ্ধ, খ্রিস্টান ও হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যাও উল্লেখযোগ্য। তবে ইআইটি আইনের অধীনে ধর্ম অবমাননার বেশিরভাগ অভিযোগই ইসলাম অবমাননার সঙ্গে সম্পর্কিত ছিল।  

তাই, থালিসার ঘটনা অপেক্ষাকৃত বিরল, যেখানে এক মুসলিম নারী খ্রিস্টধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন।  

এর আগে কৌঁসুলিরা থালিসার জন্য চার বছরের বেশি কারাদণ্ডের দাবি জানিয়েছিলেন এবং সোমবারের রায়ের পর তারা সঙ্গে সঙ্গেই এর বিরুদ্ধে আপিল করেছেন। ওদিকে, থালিসাকেও আপিল করার জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে।