২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বৈরুতে ইসরায়েলের হামলায় ছয়জন নিহত এবং ১৫ জন আহত হওয়ার কথা নিশ্চিত করে জানিয়েছে।

রয়টার্স

Published : 25 Sep 2024, 12:07 AM

Updated : 01 Sep 2026, 11:00 AM

এক নজরে

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বৈরুতে ইসরায়েলের হামলায় ছয়জন নিহত এবং ১৫ জন আহত হওয়ার কথা নিশ্চিত করে জানিয়েছে।

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছেন। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে মঙ্গলবার এ হামলা হওয়ার তথ্য নিশ্চিত করেছেন দেশটির দুই নিরাপত্তা কর্মকর্তা।

নিহত কমান্ডারের নাম ইব্রাহিম কুবাইসি বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তারা বলছে, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও রকেট বাহিনীর কমান্ডার ছিলেন কুবাইসি। ওদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বৈরুতে ইসরায়েলের হামলায় ছয়জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে।

একদিকে গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধকে কেন্দ্র করে লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরায়েলের হামলা ক্রমশ বাড়ছেই। ফলে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধ বাধার আশঙ্কাও দিন কে দিন বেড়েই চলেছে।

লেবাননের রাজধানীতে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে প্রায় এক বছর ধরে যুদ্ধের পর ইসরায়েল এবার মনোযোগ উত্তর দিকের যুদ্ধক্ষেত্রে সরিয়ে নিচ্ছে, যেখানে হামাসের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট নিক্ষেপ করে আসছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বৈরুতের হামলায় ১৫ জন আহত হওয়ার কথাও নিশ্চিত করেছে।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালায়।

হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় পাঁচ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে বলে লেবানন কর্তৃপক্ষ দাবি করেছে।

বৈরুতের ঘোবেইরি এলাকার একটি ভবনে বিমান হামলা চালানো হয়। নিরাপত্তা সূত্র একটি ছবি প্রকাশ করলে তাতে দেখা যায় পাঁচতলা ভবনের উপরের তলায ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েল বলেছে, তাদের উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত প্রায় ৬০ হাজার মানুষ নিজ ঘরবাড়িতে নিরাপদে ফিরতে না পারা পর্যন্ত তারা হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখবে।

লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ইসরায়েলি বিমান হামলায় ৫০ শিশু ও ৯৪ নারীসহ ৫৫৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১ হাজার ৮৩৫ জন মানুষ।

বৈরুতের বাসিন্দা হাসান ওমর বলেন, “আমরা বিজয়ের অপেক্ষায় আছি। কারণ যতক্ষণ আমাদের ইসরায়েলের মতো প্রতিবেশী থাকবে, ততক্ষণ আমরা নিরাপদে ঘুমাতে পারব না।”

দক্ষিণ লেবাননের ট্যাক্সি চালক আফিফ ইব্রাহিম ছিলেন নাছোড়বান্দা। তিনি বলেন, "ইসরায়েল চায় আমরা যেন তাদের কাছে নতজানু হই, কিন্তু আমরা আল্লাহ ছাড়া আর কারও কাছে মাথা নত করি না।”

লড়াই তীব্র হয়ে ওঠায় তা মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে ও এতে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র ইরান জড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে।

সোমবার সৌদি আরব গভীর উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষমন্ত্রী ইওভ গ্যালান্ট এক বিবৃতিতে বলেছেন, “সোমবার আমরা হাজার হাজার রকেট ও সুনির্দিষ্ট অস্ত্রশস্ত্র ধ্বংস করে দিয়েছি। দ্বিতীয় লেবানন যুদ্ধের পর থেকে ২০ বছর ধরে হিজবুল্লাহ যেসব অস্ত্রের ভাণ্ডার গড়ে তুলেছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তা ধ্বংস করে দিয়েছে।”