চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপিন্সের সাবেক মেয়র গ্রেপ্তার
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ মাথায় নিয়ে পলাতক থাকার পর ইন্দোনেশিয়ায় গ্রেপ্তার হয়েছেন ফিলিপিন্সের সাবেক এক নারী মেয়র।
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ মাথায় নিয়ে কয়েক সপ্তাহ ধরে পলাতক থাকার পর ইন্দোনেশিয়ায় গ্রেপ্তার হয়েছেন ফিলিপিন্সের সাবেক এক নারী মেয়র অ্যালিস গুয়ো।
তার বিরুদ্ধে গত জুলাইয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত শুরুর পরই লাপাত্তা হন তিনি। গুয়োকে গ্রেপ্তারের জন্য চারটি দেশে তৎপরতা চালায় ফিলিপিন্স কর্তৃপক্ষ। অবশেষে ইন্দোনেশিয়ায় তিনি গ্রেপ্তার হলেন।
গুয়োর বিরুদ্ধে অভিযোগ, তিনি অনলাইন ক্যাসিনোর পৃষ্ঠপোষকতা করতেন, যে ক্যাসিনোগুলো তার নিজ শহর বামবানে প্রতারণা কেন্দ্র ও মানব পাচার সিন্ডিকেট হিসাবে আড়ালে থেকে কাজ করত।
তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন অ্যালিস গুয়ো। তিনি চীনা বাবা ও ফিলিপিনো মায়ের সন্তান।তবে প্রতারণা কেন্দ্রের কার্যক্রম তদন্তকারী এমপিরা বলেছেন, গুয়োর আঙুলের ছাপ এক চীনা নাগরিক গুয়ো হুয়া পিংয়ের সঙ্গে মিলে গেছে।
ফলে গুয়োকে একজন গুপ্তচর হিসাবে অভিযুক্ত করা হয় এবং বলা হয়, তিনি অপরাধ চক্রকে আড়ালে থাকতে সহায়তা করেছেন।
ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জানায়, রাজধানী জাকার্তার পশ্চিম সীমান্ত থেকে মঙ্গলবার সন্ধ্যায় গুয়ো গ্রেপ্তার হন। তিনি সম্ভবত মালয়েশিয়া ও সিঙ্গাপুর হয়ে নৌকাযোগে ইন্দোনেশিয়ায় প্রবেশ করেছিলেন।
ফিলিপিন্সের কর্মকর্তারা বলছেন, সাবেক এই মেয়রকে ফেরত আনতে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষের সঙ্গে প্রত্যার্পণ আইনে কাজ চালিয়ে যাচ্ছেন তারা।
