২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাইডেনকে একহাত নিউ ইয়র্ক টাইমসের, ভোটের লড়াই থেকে সরার আহ্বান

“ট্রাম্প ও বাইডেনের যেসব ঘাটতি রয়েছে, তার মধ্যে থেকে একটিকে বেছে নিতে ভোটারদেরকে বাধ্য করে দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলার কোনো কারণ নেই,” বলেছে সম্পাদকীয় পর্ষদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2024, 01:50 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সিএনএন টেলিভিশনে বিতর্ক অনুষ্ঠানে বাজে পারফরম্যান্সের পর জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পর্ষদ। 

এক বিবৃতিতে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পর্ষদ বলেছে, “জনগণের সেবক হিসেবে বৃহস্পতিবার (বিতর্ক) প্রেসিডেন্টের উপস্থিতি দেখে মনে হয়েছে তিনি তার ছায়ায় ছিলেন। দ্বিতীয় মেয়াদে কী কী কাজ করবেন, সেসবের ব্যাখ্যা দিতে তাকে লড়াই করতে হয়েছে। ট্রাম্পের উসকানিমূলক বক্তব্যের জবাব দিতেও হিমশিম খেয়েছেন। মিত্যা তথ্য, ব্যর্থতা এবং ব্যর্থ পরিকল্পনাগুলো নিয়ে ট্রাম্পের জবাবদিহিতা আদায় করতেও হিমশিম খেয়েছেন। একাধিকবার তিনি বাক্যও শেষ করতে পারেননি ।”

“জনগণের সর্বোচ্চ সেবক বাইডেন এখন ঘোষণা দিতে পারেন যে, তিনি আর নির্বাচন করবেন না,” বলা হয়েছে বিবৃতিতে। 

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মুখোমুখি বিতর্ক বৃহস্পতিবার দেখেছে গোটা বিশ্ব। 

দুই প্রার্থীর কেউই চমক দেখাতে না পারলেও তুলনামূলকভাবে বেশি খারাপ করেছেন বাইডেন। তার দুর্বল পারফরমেন্স খবরের শিরোনাম হয়েছে। খোদ নিজের দলেই সমালোচনার শিকার হচ্ছেন বাইডেন। তার বিকল্প খুঁজছে ডেমোক্র্যাটরা।

এমন পরিস্থিতিতেই নিউ ইয়র্ক টাইমসের এই বিবৃতি এলো।

সংবাদপত্রটির সম্পাদকীয় পর্ষদ বলছে, ডেমোক্র্যাট নেতৃত্ব এখন ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের জন্য শক্ত এবং উদ্যোমী কাউকে খুঁজতে পারে।  

“ট্রাম্প ও বাইডেনের যেসব ঘাটতি রয়েছে, তার মধ্যে থেকে একটিকে বেছে নিতে ভোটারদেরকে বাধ্য করে দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলার কোনো কারণ নেই। আমেরিকানরা বাইডেনের বয়স এবং দুর্বলতাকে উপেক্ষা করবে বা ছাড় দেবে, এমন আশা করাটাও বড় ধরনের জুয়া হয়ে যাবে,” বলা হয়েছে নিউ ইয়র্ক টাইমসের বিবৃতিতে। 

তবে দুই প্রার্থীর মধ্যে একজনকে বেছে নিতে বাইডেনকেই দ্ব্যর্থহীনভাবে সমর্থন দেওয়ার কথাও বলেছে পর্ষদ।