২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদুরোর ক্ষমতা ত্যাগ করাই হবে বুদ্ধিমানের কাজ: ট্রাম্প

ভেনেজুয়েলার উপকূলের কাছে জব্দ করা তেল যুক্তরাষ্ট্র চাইলে রেখে দিতে বা বিক্রি করে দিতে পারে, ইঙ্গিত দিয়েছেন তিনি।

মাদুরোর ক্ষমতা ত্যাগ করাই হবে বুদ্ধিমানের কাজ: ট্রাম্প
জনতার মাঝে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 04:19 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জন্য ক্ষমতা ছেড়ে দেওয়াটাই হবে ‘বুদ্ধিমানের কাজ’, বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। 

সোমবার ফ্লোরিডার মার-এ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 

এ সময় তিন ইঙ্গিত দেন, ভেনেজুয়েলার উপকূলের কাছে জব্দ করা ট্যাঙ্কারগুলোর তেল যুক্তরাষ্ট্র চাইলে রেখে দিতে বা বিক্রি করে দিতে পারে। 

রয়টার্স লিখেছে, মাদুরোর ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। 

এছাড়া প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে মাদক পাচারের অভিযোগে বিভিন্ন জলযানে অন্তত ২৬ বার সামরিক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে।

ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমার মনে হয় এটি (ক্ষমতা ত্যাগ) করা তার জন্য বুদ্ধিমানের কাজ হবে। তবে তিনি কী করবেন, তা তার ওপরই নির্ভর করছে। আমরা দেখব শেষ পর্যন্ত কী হয়।” 

তিনি আবারও সতর্ক করে বলেন, “তিনি যদি কঠোর হওয়ার চেষ্টা করেন, তবে সেটাই হবে তার শেষ কঠোরতা দেখানোর সুযোগ।”

সংবাদ সম্মেলনে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর কঠোর সমালোচনা করেন ট্রাম্প। মাদুরোর মিত্র হিসেবে পরিচিত পেত্রো সম্প্রতি ভেনেজুয়েলা বিষয়ে ট্রাম্পের নীতির সমালোচনা করেছিলেন। এর জবাবে ট্রাম্প বলেন, “তিনি যুক্তরাষ্ট্রের বন্ধু নন। তিনি অত্যন্ত খারাপ একজন মানুষ। তার নিজের দিকে নজর দেওয়া উচিত, কারণ তিনি কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠান।”

ভেনেজুয়েলায় তেলবাহী ট্যাংকার প্রবেশ ও বের হওয়ার ওপর গত সপ্তাহেই ‘অবরোধ’ ঘোষণা করেছেন ট্রাম্প। 

মার্কিন কোস্টগার্ড গত রোববার আন্তর্জাতিক জলসীমায় আরও একটি তেল ট্যাংকারকে ধাওয়া শুরু করেছে। সফল হলে এটি হবে গত দুই সপ্তাহের মধ্যে তৃতীয় এবং এই সপ্তাহের দ্বিতীয় অভিযান। 

জব্দ করা তেল সম্পর্কে ট্রাম্প বলেন, “হয়তো আমরা এগুলো বিক্রি করব অথবা নিজেদের কৌশলগত মজুত বাড়াতে রেখে দেব।”

ট্রাম্পের এসব বক্তব্যের সরাসরি কোনো উত্তর না দিলেও মাদুরো বলেছেন, প্রত্যেক নেতার উচিত নিজের দেশের অভ্যন্তরীণ বিষয়ে নজর দেওয়া। 

গত মাসে দুই নেতার মধ্যকার ফোনালাপের প্রসঙ্গ টেনে মাদুরো বলেন, “আমি যদি আবার তার সঙ্গে কথা বলি, তবে তাকে বলব, প্রতিটি দেশের উচিত নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দেওয়া।”