ইউক্রেইন শান্তি আলোচনা এগিয়ে নিতে ট্রাম্প ও পুতিনকে প্রয়োজন: রুবিও
“দেখুন, পুতিন আর আমার একসাথে বসা না হওয়া পর্যন্ত কিছুই হবে না,” বলেন ট্রাম্প।
তুরস্কে অনুষ্ঠেয় ইউক্রেইন-রাশিয়া শান্তি আলোচনা নিয়ে কোনো বড় ধরনের প্রত্যাশার আলো দেখছেন না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
তিনি বলেছেন, ওই আলোচনায় বড় অগ্রগতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হওয়া দরকার।
দক্ষিণ তুরস্কে নেটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর রুবিও বলেন, “আমি মনে করি না, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিন এই বিষয়ে সরাসরি আলোচনা না করা পর্যন্ত এখানে কোনো বড় অগ্রগতি হবে।”
মস্কো ‘নিম্ন পর্যায়ের’ প্রতিনিধি দল পাঠিয়েছে- এমন সমালোচনা করে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ ইস্তাম্বুলে আলোচনার জন্য একটি প্রতিনিধিদল পাঠাবে।
রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ও প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি জোর দিয়ে বলেছেন, ক্রেমলিনের দলে ‘প্রয়োজনীয় সব দক্ষতা রয়েছে’।
মধ্যপ্রাচ্য সফররত ট্রাম্পও এর আগে ইঙ্গিত দিয়েছিলেন- তার ও পুতিনের ব্যক্তিগত সাক্ষাৎ না হওয়া পর্যন্ত শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম।
এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের কাছে বিবিসি প্রশ্ন রেখেছিল, রাশিয়া যে পর্যায়ের প্রতিনিধিদল পাঠিয়েছে তা নিয়ে তিনি হতাশ কি না?
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “দেখুন, পুতিন আর আমার একসাথে বসা না হওয়া পর্যন্ত কিছুই হবে না।”
তিনি বলেন, “আমি সেখানে না থাকলে তিনিও (পুতিন) যাবেন না। আর আমি বিশ্বাস করি, আপনি পছন্দ করুন বা না করুন- আমি ও তিনি একসাথে না বসা পর্যন্ত কিছুই হবে না। কিন্তু আমাদের এই সমস্যার সমাধান করতে হবে, কারণ অনেক মানুষ মারা যাচ্ছে।”
ট্রাম্প বলেন, তিনি শুক্রবার তুরস্কের আলোচনায় যোগ দেবেন- যদি তা ‘যথাযথ’ হয়। তবে পরে তিনি বলেন, তার ওয়াশিংটনে ফিরে যাওয়ার সম্ভাবনাই বেশি।
বিবিসি লিখেছে, ইউক্রেইন-রাশিয়া বিষয়ে তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইউক্রেইন ও রুশ প্রতিনিধিদলের মধ্যে বৃহস্পতিবার ইস্তাম্বুলে আলোচনা হওয়ার কথা ছিল। আর সেটি হলে ২০২২ সালের পর প্রথম সরাসরি কোনো আলোচনা হতো। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আলোচনার সময়সূচি ঠিক হয়নি। তবে কিছু প্রতিবেদন অনুযায়ী, এই বৈঠক শুক্রবার হতে পারে।
ইউরোপীয় নেতাদের এবং ইউক্রেইনের ৩০ দিনের শর্তহীন যুদ্ধবিরতির আহ্বানের জবাবে ভ্লাদিমির পুতিন সরাসরি আলোচনার জন্য ১৫ মে’তে ইস্তাম্বুলে বসার প্রস্তাব দেন।
জেলেনস্কি তখন পুতিনকে ব্যক্তিগতভাবে বসার আহ্বান জানান। কিন্তু বৃহস্পতিবার ক্রেমলিন জানায়, সফরকারী কর্মকর্তাদের তালিকায় রুশ প্রেসিডেন্ট নেই।
আঙ্কারায় এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে ট্রাম্প ও এরদোয়ানের প্রতি ‘অসম্মান’ দেখানোর অভিযোগ তোলেন। কারণ রুশ প্রতিনিধিদলে উচ্চপদস্থ কেউ নেই। তিনি পুনরায় রুশ নেতাকে ব্যক্তিগতভাবে দেখা করার আহ্বান জানান।
তিনি বলেন, “কোনো সময়সূচি নেই, আলোচ্যসূচি নেই, উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নেই- এটা এরদোয়ান ও ট্রাম্পের প্রতি ব্যক্তিগত অসম্মান।”
এদিকে মেদিনস্কি ইস্তানবুলে সাংবাদিকদের বলেন, রাশিয়া এই আলোচনাকে ২০২২ সালের ব্যর্থ আলোচনারই একটি ‘ধারাবাহিকতা’ হিসেবে দেখছে। রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার পরপরই ওই আলোচনা হয়েছিল।
মেদিনস্কি বলেন, “ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার লক্ষ্য হলো সংঘাতের মূল কারণ দূর করে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করা- এক সময় না এক সময় তা অর্জন করতেই হবে।”
বিবিসি লিখেছে, জেলেনস্কির বৃহস্পতিবার জারি করা আদেশ অনুযায়ী, ইউক্রেইনের প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ। দলে আরও থাকবেন গোয়েন্দা সংস্থার ডেপুটি প্রধান, সামরিক জেনারেল স্টাফ এবং পররাষ্ট্র মন্ত্রণারয়ের উচ্চপদস্থরা।
ইস্তাম্বুলের এই আলোচনা ২০২২ সালের পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম সরাসরি বৈঠক। রাশিয়া ইঙ্গিত দিয়েছে, তারা আলোচনা যেখানে থামিয়েছিল, সেখান থেকেই আবার শুরু করতে চায়।
আলোচনার শর্তগুলোর মধ্যে রয়েছে- ইউক্রেনকে একটি নিরপেক্ষ দেশে পরিণত হওয়া, সামরিক বাহিনীর আকার কমানো এবং নেটো সদস্য হওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করা। এসব শর্তকে আত্মসমর্পণের শামিল বর্ণনা করে ইউক্রেইন বারবার সেসব প্রত্যাখ্যান করেছে।
ইউক্রেইনে যুদ্ধ অব্যাহত রয়েছে। রাশিয়া জানিয়েছে, বৃহস্পতিবার তারা পূর্ব দোনেৎস্ক অঞ্চলে আরও দুটি গ্রাম দখল করেছে।
মস্কো এখন ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূমি নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে রয়েছে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপও।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি ইউক্রেইনের মিত্রদের পুতিনের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার বার্লিনে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসের সঙ্গে বৈঠকের পর হিলি রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান, যাতে পুতিনকে ‘আলোচনার টেবিলে আনা যায়’।
