২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় পণ্যে ট্রাম্পের ৫০% শুল্ক কার্যকর, আত্মনির্ভর হওয়ার তাগিদ মোদীর

শুল্কের ধাক্কার মধ্যেই দেশবাসীর জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর স্পষ্ট ও জোরালো বার্তা হচ্ছে- দেশে বানাও, দেশেই খরচ করো।

ভারতীয় পণ্যে ট্রাম্পের ৫০% শুল্ক কার্যকর, আত্মনির্ভর হওয়ার তাগিদ মোদীর
গ্রাফিক্স: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 02:46 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনায় ২৫% অতিরিক্ত শুল্ক আরোপের কয়েক সপ্তাহ পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী বুধবার থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ভারতীয় পণ্যে ৫০% শুল্ক নেওয়া শুরু হয়েছে।

এর মধ্য দিয়ে ভারত সেইসব দেশের তালিকায় অন্তর্ভুক্ত হল, যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে যাদের সবচেয়ে বেশি শুল্ক দেওয়া লাগছে।

নয়া দিল্লিকে ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী অংশীদার বিবেচনা করা হয়, ওয়াশিংটন ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারও ছিল। এখন ট্রাম্পের চড়া শুল্ক তাদের রপ্তানি এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির বিকাশে বড় ধরনের ধাক্কা হিসেবেই আবির্ভূত হল, বলছে বিবিসি।

শুল্কের এ চাপ সামলাতে ভারতের সরকার এরই মধ্যে নানান পদক্ষেপ নিয়েছে। চলতি মাসের শুরুর দিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থনীতিতে শুল্কের প্রভাব কমাতে কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ভারতীয়দের স্বনির্ভর হয়ে ওঠারও তাগাদা দিয়েছেন।  

তিনি বলেছেন, ভারতের কোটি কোটি সাধারণ মানুষ ও ছোটখাট ব্যবসাপ্রতিষ্ঠান, যারা এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির চালিকাশক্তি, তাদের জন্য দীপাবলীর উপহারস্বরূপর ‘বিশাল কর ছাড়’ আসতে যাচ্ছে। 

উজ্ব্বল গেরুয়া রঙের পাগড়ি পরে স্বাধীনতা দিবসে দিল্লির লাল কেল্লার প্রাচীর থেকে দেওয়া ভাষণে মোদী ছোট ছোট দোকানের মালিক ও ব্যবসায়ীদেরকে তাদের দোকানের বাইরে ‘স্বদেশী’ বা ‘মেইড ইন ইন্ডিয়া’ বোর্ড লাগানোরও পরামর্শ দিয়েছেন।

“আমাদের আত্মনির্ভর হতে হবে, বাধ্য হয়ে নয়, গর্ব থেকে। অর্থনৈতিক স্বার্থপরতা বিশ্বজুড়েই বাড়ছে, এখন এজন্য বসে থাকলে বা বাধা দেখে কাঁদলে হবে না, আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে যেন অন্য কেউ আমাদের চেপে ধরতে না পারে,” বলেছেন তিনি। 

গত এক সপ্তাহে আরও দুটি জনসভায়ও তিনি একই কথা বলেছেন।  

যারা মোদীর এসব বক্তব্য খেয়াল করছেন, তাদের কাছে এটা স্পষ্ট যে ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্পের দেওয়া নির্মম ৫০% শুল্কের পাল্টায় এসব বলছেন। কারণ, এই শুল্ক যুক্তরাষ্ট্রের ভোক্তাদের কাছে কাপড় থেকে শুরু করে হীরা, চিংড়ি সরবরাহ করা ভারতের রপ্তানিনির্ভর শিল্পের সঙ্গে জড়িত কোটি কোটি মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলবে। 

এই ধাক্কার মধ্যেই দেশবাসীর জন্য মোদীর স্পষ্ট ও জোরালো বার্তা হচ্ছে- ভারতে বানাও, ভারতেই খরচ করো।

এর মধ্যে প্রথমটা বেশ কষ্টসাধ্যই হওয়ার কথা। মোদীর সরকার বছরের পর বছর ধরে ভর্তুকি ও নানা ধরনের প্রণোদনা দিয়ে আসা সত্ত্বেও দেশটির জিডিপিতে উৎপাদন খাতের অবদান অনেক দিন ধরেই ১৫ শতাংশে আটকে আছে। 

তবে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ‘কর সংস্কার’ বাস্তবায়িত হলে তা জনসাধারণের হাতে খরচ ও সঞ্চয়ের জন্য কিছু অর্থ তুলে দেবে, যা শুল্কের ধাক্কা কিছুটা কমাতে পারে, বলছেন বিশেষজ্ঞরা। 

চলতি বছরের বাজেটে এরই মধ্যে এক হাজার ২০০ কোটি ডলারের আয়কর ছাড় দেওয়া হয়েছে; মোদী এখন ভারতের পরোক্ষ কর কাঠামোর সংস্কারে নজর দিচ্ছেন। যার মধ্যে আছে পণ্য ও সেবার ওপর ধার্য কর জিএসটি কমানো ও সরলীকরণ করা।

“২০২৫ সালের এপ্রিলে আয়কর হ্রাসের পাশাপাশি জিএসটি হার সংস্কার (প্রায় ২ হাজার কোটি ডলার সমপরিমাণ) করা হলে তা পণ্য ক্রয়ে বেশ ভালো ধরনেরই উৎসাহ যোগাবে,” মোদীর ঘোষণার পর এমনটাই বলেছিলেন মার্কিন ব্রোকারেজ হাউজ জেফরিজের বিশ্লেষকরা।

নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ভোগ্যপণ্য ক্রয়ে জনসাধারণের খরচই ভারতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি, জিডিপিতে এর অবদান প্রায় ৬০ শতাংশ। ভালো ফসল হওয়ায় গ্রামাঞ্চলে খরচ আগের মতো শক্তিশালী থাকলেও মহামারীর পর তথ্যপ্রযুক্তির মতো বড় বড় খাতে ছাঁটাই ও বেতন কমে যাওয়ায় শহরাঞ্চলে পণ্য ও সেবার চাহিদা ক্রমাগত হ্রাস পেয়েছে।

মোদীয়র ‘আর্থিক প্রণোদনা’ বা কর ছাড় শহরাঞ্চলেও পণ্য ও সেবার চাহিদা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করছে বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠান মরগান স্ট্যানলি। 

ভারত সরকারের নতুন এ পদক্ষেপ জিডিপি বাড়াবে এবং মূল্যস্ফীতি নামিয়ে আনবে, বলছে তারা।

“চলমান বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা এবং বিশ্বজুড়ে শুল্ক সংক্রান্ত যেসব বৈরি কর্মকাণ্ড চলছে তা দেশের বাইরের চাহিদায় প্রভাব ফেলতে পারে, সে কারণে এসব পদক্ষেপ বিশেষভাবে গুরুত্বপূর্ণ,” বলেছে মরগান স্ট্যানলি। 

ভারতীয় পণ্যে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার খবর ভারতের খবরের কাগজে। আগ্রহ নিয়ে পড়ছেন এক পাঠক। ছবি: রয়টার্স

ভারতীয় পণ্যে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার খবর ভারতের খবরের কাগজে। আগ্রহ নিয়ে পড়ছেন এক পাঠক

কর অব্যাহতির সুযোগে ভারতের যেসব খাত লাভবান হবে বলে মনে করা হচ্ছে তার মধ্যে আছে- স্কুটার, ছোট গাড়ি, পোশাক শিল্প, এমনকি সিমেন্ট খাতও, বাড়ি বানানোর ক্ষেত্রে যেটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান। সাধারণত দীপাবলি উৎসবের আগে-পরে ভারতজুড়ে সিমেন্টের চাহিদা বেড়ে যায়। 

শেষ পর্যন্ত কী হয় তা এখনও স্পষ্ট বোঝা না গেলেও বেশিরভাগ বিশ্লেষকেরই অনুমান, জিএসটি কমানোর ফলে রাজস্ব আয়ে যে ঘাটতি দেখা দেবে তা অতিরিক্ত কর/শুল্ক সংগ্রহ এবং ভারতের কেন্দ্রীয় ব্যাংক থেকে যে লভ্যাংশ মিলবে বলে অনুমান করা হয়েছিল তার চেয়ে বেশি পাওয়ার মাধ্যমে পূরণ হয়ে যাবে।

সুইস বিনিয়োগ ব্যাংক ইউবিএস বলছে, এর আগে কর্পোরেট ও আয়কর কমানোর ফলে যা হয়েছে জিএসটি হ্রাসে অর্থনীতির বিভিন্ন খাতে এর চেয়ে বেশি ইতিবাচক প্রভাব দেখা দেবে, কারণ মানুষ তুলনামূলক কম দামে জিনিস কিনতে পারবে। এতে পণ্য ক্রয় ও খরচ বাড়বে।   

কর সংক্রান্ত মোদীর পদক্ষেপগুলোর কারণে ভারতের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার আরও কমাতে পারে। গত কয়েক মাসে তারা সুদের হার এমনিতেই ১% কমিয়েছে, আরও কমালে ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়ার প্রবণতাও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

এসবের পাশাপাশি আগামী বছরের শুরু থেকে প্রায় ৫০ লাখ সরকারি কর্মীর বেতনও বাড়ছে, সঙ্গে ৬৮ লাখ পেনশনগ্রহীতাও হাতে আগের তুলনায় বেশি অর্থ পাবেন। এ সমস্ত পদক্ষেপ ভারতকে তার অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে সহায়তা করবে, বলছেন তারা। 

এসবের কারণে ভারতের শেয়ার বাজারেও ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। শুল্ক নিয়ে অনিশ্চয়তায় চলতি মাসের শুরুর দিকে দেশটির ব্যবসায়ীদের মধ্যে একধরনের আতঙ্ক দেখা দিলেও ১৮ বছরের বিরতির পর এবারই এসএন্ডপি গ্লোবালের সূচকে ভারতের সার্বভৌম ঋণমানে উন্নতি দেখা গেছে।  

এই ঋণমানের ওপর ভিত্তি করেই বিভিন্ন দেশ ঋণ দেয় ও বিনিয়োগ করে থাকে। সূচকে ভারতের উত্থানের কারণে এখন দেশটির ঋণ পেতে কম ঝক্কি পোহাতে হবে এবং দেশটিতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনাও বাড়বে।

তড়িঘড়ি এত সব দীর্ঘ-প্রতীক্ষিত সংস্কারে হাত দিলেও মোদীর ভারতের জিডিপি প্রবৃদ্ধি কয়েক বছর আগে দেখা ৮ শতাংশের চেয়ে কম থাকবে বলেই অনুমান করা হচ্ছে। দেশটির অর্থনীতির বাহ্যিক সংকট কমার লক্ষণও দেখা যাচ্ছে না। 

রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে কথার লড়াই আরও তীব্রতর হয়ে উঠছে, সপ্তাহখানেক আগে দুই দেশ বাণিজ্য আলোচনায় বসার কথা ছিল, তাও বাতিল হয়ে গেছে।

ভারতীয় পণ্যে ট্রাম্পের ৫০% শুল্ককে এখন দেখা হচ্ছে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির ওপর বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির নিষেধাজ্ঞা হিসেবে, কয়েক মাস আগেও যা ছিল একেবারেই অচিন্তনীয়, বলছেন বিশেষজ্ঞরা।