হেলিকপ্টার নিয়ে ইউক্রেইনে চলে যাওয়া রুশ পাইলটের লাশ উদ্ধার স্পেনে
স্পেনের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে ১৩ ফেব্রুয়ারিতে ম্যাক্সিম কুজমিনভ নামক ওই পাইলটের গুলিবিদ্ধ লাশ খুঁজে পাওয়া যায়।
গত বছর হেলিকপ্টার নিয়ে ইউক্রেইনে চলে গিয়েছিলেন রাশিয়ার এক পাইলট। গত সপ্তাহে স্পেনের ভূগর্ভস্থ একটি গ্যারেজে তার লাশ পাওয়া গেছে। তার দেহ গুলিবিদ্ধ ছিল বলে ইউক্রেইন ও স্পেনের গণমাধ্যম সোমবার জানিয়েছে।
স্পেনের সরকারি সংবাদ সংস্থা ইএফই বলছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় আলিসান্তের কাছে ভিয়াহোইয়োসা শহরে ১৩ ফেব্রুয়ারি ওই পাইলটের লাশ খুঁজে পাওয়া যায়। তার নাম ম্যাক্সিম কুজমিনভ।
এমআই-৮ হেলিকপ্টারে উড়ে গিয়ে গত বছর অগাস্টে তিনি ইউক্রেইনে নেমেছিলেন। আলাদা নাম নিয়ে ইউক্রেইনের পাসপোর্টে কুজমিনভ স্পেনে বাস করছিলেন।
ইউক্রেইনের সেনা গোয়েন্দা সংস্থা জিইউআর-এর মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে স্পেনে কুজমিনভের মৃত্যু হওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছেন। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নির্দিষ্ট কিছু জানাননি।
স্পেনের পুলিশ বলেছে, গুলিবিদ্ধ একজনের লাশ তারা খুঁজে পেয়েছে। তবে নিহতের পরিচয় জানায়নি তারা। স্পেনের গুয়ারদিয়া সিভিল পুলিশ বাহিনীর এক সূত্র বলেছে, নিহত ব্যক্তি মিথ্যা পরিচয় দিয়ে বসবাস করে আসছিলেন।
স্পেনের লা ইনফরমেসিয়ন পত্রিকা বলছে, গুলির ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে খুঁজছে পুলিশ। ওই হামলাকারীরা একটি গাড়িতে চড়ে পালিয়ে গিয়েছিল। পরে কাছের একটি শহরে গাড়িটি পোড়া অবস্থায় পাওয়া যায়।
গত বছর কুজমিনভের রাশিয়া ছেড়ে ইউক্রেইনে চলে যাওয়াকে কিইভের বড় ধরনের অভ্যুত্থান হিসেবেই চিত্রিত করা হয়েছিল। ইউক্রেইনের সেনা গোয়েন্দা সংস্থা জিইউআর সে সময় বলেছিল, কুজমিনভকে তারাই রাশিয়ার পক্ষ ত্যাগ করতে প্রলুব্ধ করেছিল।
গত বছর সেপ্টেম্বরে এক সংবাদ সম্মেলনে কুজমিনভ বলেছিলেন, তিনি ইউক্রেইনে রাশিয়ার যুদ্ধের বিরোধী হওয়ার কারণে পক্ষ ত্যাগ করেছেন।
