২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে বিরল বিক্ষোভ

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কর্তৃত্ববাদী শাসন এবং কঠোর জিরো-কোভিড নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে মানুষ।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে বিরল বিক্ষোভ

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2022, 08:49 PM

Updated : 13 Oct 2022, 09:29 PM

চীনে কম্যুনিস্ট পার্টির ঐতিহাসিক কংগ্রেসের আগে দিয়ে রাজধানী বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কর্তৃত্ববাদী শাসন এবং তার জিরো-কোভিড নীতির বিরুদ্ধে বিরল এক বিক্ষোভ হয়েছে।

বৃহস্পতিবার টুইটারে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে বেইজিংয়ের উত্তর-পশ্চিমের হাইদিয়ান এলাকার একটি সেতুতে বিক্ষোভকারীদের দুটো ব্যানার ঝুলতে দেখা গেছে।

একটিতে লেখা ছিল; “কোনও কোভিড পরীক্ষা নয়, আমরা খেতে চাই। কোনও কড়াকড়ি নয়, আমরা স্বাধীনতা চাই। কোনও মিথ্যা নয়, আমরা মর্যাদা চাই। কোনও সাংস্কৃতিক বিপ্লব নয়, আমরা সংস্কার চাই। কোনও নেতা নয়, আমরা ভোট চাই। আমরা দাস না, নাগরিক হতে চাই।”

অপর ব্যানারটিতে অধিবাসীদেরকে কর্মক্ষেত্রে, স্কুলে ধর্মঘটে নামার আহ্বান জানিয়ে বলা হয়, “স্বৈরশাসক ও জাতীয় বিশ্বাসঘাতক শি জিনপিংকে ক্ষমতা থেকে সরিয়ে দিন।”

কয়েকটি ভিডিওতে দেখা গেছে, সেতুটি থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে এবং লাউডস্পিকারে বিক্ষোভের স্লোগানের ভয়েস রেকর্ডিং বাজছে।

বিবিসি সাংবাদিকদের একটি দল পরে ওই জায়গায় গিয়ে বিক্ষোভের কোনও চিহ্ন পায়নি। তবে সেখানে পুলিশের উপস্থিতি দেখেছে। কর্তৃপক্ষ খুব জলদিই বিক্ষোভ থামিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চীনা কম্যুনিস্ট পার্টির সপ্তাহব্যাপী ২০ তম পার্টি কংগ্রেস রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে শুরু হতে চলেছে আগামী রোববার। কম্যুনিস্ট পার্টি এ সভায় কয়েক দশকের প্রথা ভেঙে শি জিনপিংয়ের তৃতীয় দফায় আরও পাঁচ বছর মেয়াদে ক্ষমতায় থাকার প্রস্তাব অনুমোদন করবে বলে ধারণা করা হচ্ছে।

চীনে মাও জে দংয়ের পর শি জিনপিংকেই সবচেয়ে ক্ষমতাধর নেতা হিসাবে দেখা হয়। তিনি তৃতীয়বারের মত প্রেসিডেন্ট হলে তার ক্ষমতার নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত হবে। শি আজীবন ক্ষমতা ধরে রাখতে পারেন বলেও অনেকে মনে করেন।

তাই কমিউনিস্ট পার্টি কংগ্রেসের আগে দিয়ে চীনে গণঅসন্তোষ বাড়ছে। কোভিড মোকাবেলায় বহু এলাকায় জারি থাকা কড়া বিধিনিষেধ নিয়েও অনলাইনে ক্ষোভ ছড়িয়ে পড়ছে।

সাধারণত কোনও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আগে দিয়ে বেইজিংয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পার্টি কংগ্রেসকে সামনে রেখে এবারও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিন্তু তার ওপর কোভিড সংক্রমণ ঠেকানোর জন্য নগর কর্তৃপক্ষ আরো বাড়াবাড়ি রকমের কঠোর পদক্ষেপ নিচ্ছে।

লাখো অধিবাসীকে প্রতি তিনদিন পরপর কোভিড পরীক্ষা করানো হচ্ছে। সব ভবনেই মানুষের আসা-যাওয়াসহ অধিবাসীরা এমনকী মাস্ক পরছে কিনা তার ওপরও নজর রাখা হচ্ছে। বেইজিং থেকে কোনও মানুষকে বের হতে দেওয়া হচ্ছে না কিংবা ঢুকতেও দেওয়া হচ্ছে না।

এমন কড়াকড়িতে অনলাইনে হতাশ একজন লিখেছেন, “বেইজিং কেন এমন করছে আমি বুঝি না… আমি কাজে যেতে পারছি না। আমার চাকরি চলে যাওয়ার পথে। আমি খুবই হতাশ। এ অবস্থা কবে শেষ হবে?”

আরেকজন লিখেছেন, “একজন সভা করবে শুধুমাত্র এই কারণে আমরা এতসব ভোগান্তি পোহাচ্ছি।”

“সাধারণ মানুষকে এত যন্ত্রণা দেওয়া কেন? কর্তৃপক্ষ তাদের নীতি অযৌক্তিভাবে বাস্তবায়ন করেছে। তাদের বিশ্বাসযোগ্যতা ভেস্তে গেছে। তাদেরকে মানুষ কীভাবে বিশ্বাস করবে?” প্রশ্ন রাখেন আরেকজন।