ট্রাম্প প্রশাসনের খড়্গে পদচ্যুত ইউএসএআইডি-র আরও কর্মী
এমন এক সময়ে এসব ঘটছে যখন ট্রাম্প প্রশাসন সংস্থাটির স্বাধীনতা খর্ব করতে চাইছে, এবং সম্ভবত একে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় নিয়ে আসতে চাইছে।
ধনকুবের ইলন মাস্কের নিয়ন্ত্রণাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির (ডিওজিই) প্রতিনিধিরা ইউএসএআইডি ভবনের সংরক্ষিত অংশে প্রবেশ করতে চাইলে তাদেরকে আটকানোর চেষ্টা করায় সংস্থাটির দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন।
ঘটনা সম্বন্ধে অবগত তিনটি সূত্র রোববার বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর দিয়েছে।
আন্তর্জাতিক সহায়তার দায়িত্বে থাকা মার্কিন সংস্থা ইউএসএআইডি-র বিভিন্ন দায়িত্ব থেকে সম্প্রতি কয়েক ডজন কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই তালিকায় এ দুই নিরাপত্তা কর্মকর্তাও যুক্ত হলেন।
এমন এক সময়ে এ কাণ্ড ঘটল যখন ট্রাম্প প্রশাসন সংস্থাটির স্বাধীনতা খর্ব করতে চাইছে, এবং সম্ভবত একে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় নিয়ে আসতে চাইছে।
সংস্থাটির লেজিসলেটিভ অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স ব্যুরোর ৩০-এর কাছাকাছি কর্মী রাতারাতি তাদের ইমেইলে অ্যাক্সেস হারিয়ে ফেলেছেন বলে অন্তত ৫টি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে ছুটিতে পাঠানো ইউএসএআইডির ঊর্ধ্বতন কর্মীর সংখ্যাও প্রায় ১০০ জনে দাঁড়িয়েছে।
নাম প্রকাশ না করার অনুরোধে সেনেটের এক ডেমোক্র্যাট সহযোগী জানান, ডিওজিই শনিবার ভবনে প্রবেশ করেছিল। নিরাপত্তা ছাড়পত্র না থাকায় ইউএসএআইডি-র নিরাপত্তা কর্মীরা তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
“ফেডারেশ মার্শালস সার্ভিস ব্যবস্থা নেবে, নিরাপত্তা কর্মীদের এমন হুমকিও দেওয়া হয়,” বলেন ওই সহযোগী।
এ ঘটনার পর ইউএসএআইডির নিরাপত্তা পরিচালক জন ভোরহিজ ও তার ডেপুটিকে দায়িত্ব থেকে সরিয়ে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়, জানিয়েছে একাধিক সূত্র।
রোববার ট্রাম্প ইউএসএআইডি-র কর্মকর্তাদের বিরুদ্ধে বিষোদগারও করেছেন। বলেছেন, সংস্থাটি ‘একদল উগ্র উন্মাদদের দিয়ে চলছে’।
“আমরা তাদের বের করে দেবো এবং এরপর আমরা সিদ্ধান্ত নেবো,” সাংবাদিকদের এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
রোববার ডিওজিই-র দায়িত্বে থাকা ইলন মাস্কও মার্কিন এ সংস্থাকে ‘ক্রিমিনাল অর্গানাইজেশন’ অ্যাখ্যা দিয়েছেন। কোনো প্রমাণ বা নথি হাজির না করেই তিনি বলেছেন, “একে শেষ করে দেওয়ার সময় এসেছে।”
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই ট্রাম্প বিদেশে যুক্তরাষ্ট্রের প্রায় সব সহায়তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। বলেন, বিদেশে এসব সহায়তা ‘আমেরিকা ফার্স্ট’ পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখার পরই সহায়তা বিষয়ে নতুন সিদ্ধান্ত হবে।
তার এ সিদ্ধান্তের পর ওয়াশিংটনের প্রধান সাহায্য সংস্থা ইউএসএআইডি-র ভেতরে অরাজকতা শুরু হয়ে যায়।
ডিওজিই-র সদস্যরা পরে সংস্থাটির ভবনের একাধিক সংরক্ষিত এলাকায় যান, যার মধ্যে নিরাপত্তা কার্যালয় এবং সংস্থাটির নির্বাহী সচিবালয়ও রয়েছে।
এসব সংরক্ষিত এলাকা থেকে ডিওজিই-র কর্মকর্তারা কী কী তথ্য নিয়েছেন তা জানা যায়নি, কিন্তু যেসব কার্যালয়ে তারা ঢুকেছিলেন সেখানে নানান গোপনীয় নথি এবং ইউএসএআইডিতে কর্মরত মার্কিনিদের ব্যক্তিগত তথ্য ছিল, বলেছে একাধিক সূত্র।
ডিওজিই-র মুখপাত্র কেটি মিলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, যথাযথ নিরাপত্তা ছাড়পত্র ব্যতিরেকে কোনো গোপনীয় নথিতে হাত দেওয়া হয়নি।
সিএনএন প্রথম ইউএসএআইডি এবং ডিওজিই-র কর্মকর্তাদের মধ্যে হওয়া ঘটনাটি জানায়।
এ ঘটনার পর ইউএসএআইডি-র চিফ অব স্টাফ ম্যাট হম্পসন পদত্যাগ করেছেন বলে জানিয়েছে পাঁচটি সূত্র। মাত্র কয়েকদিন আগে ট্রাম্প প্রশাসনেই হম্পসনকে এ পদে নিয়োগ দিয়েছিল।
এ পদত্যাগের ঘটনা নিয়ে মন্তব্য চাইলেও রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি ইউএসএআইডি।
যে আইনের অধীনে ইউএসএআইডি প্রতিষ্ঠিত হয়েছে এবং পৃথক সংস্থা হিসেবে অর্থ বরাদ্দ পাচ্ছে, দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার ঘটনা ওই আইনের লঙ্ঘন বলে মনে করছেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যরা।
এ ব্যাপারে আইনি পদক্ষেপসহ কী কী করা যেতে পারে তা নিয়ে আইনপ্রণেতা ও তাদের সহযোগীরা রোববার বৈঠক করেছেন; সোমবার তারা ফের বসতে পারেন বলে জানিয়েছেন সেনেটের দুই জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সহযোগী।
সেনেটের ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান জেন শাহীনসহ ঊর্ধ্বতন সদস্যরা ইউএসএআইডি ভবনে হওয়া ঘটনার ব্যাখ্যা দাবি করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে রোববার চিঠিও পাঠিয়েছেন।
জবাব পেতে ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানদেরও জড়ো করার চেষ্টা চলছে, বলেছেন শাহীন।
তবে রিপাবলিকানদের মধ্যে অনেকেই ইউএসএআইডি বিষয়ে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে সমর্থন করছেন।
রোববার মার্কিন প্রতিনিধি পরিষদের ফরেন এফেয়ার্স কমিটির চেয়ার ব্রায়ান মাস্ট বলেছেন, ইউএসএআইডিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়া হলে তাতে সমর্থন দেবেন তিনি।
“সেখানে আরও নিয়ন্ত্রণ দরকার আছে,” সিবিএসের ‘ফেইস দ্য নেশন’ অনুষ্ঠানে এমনটাই বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের এই প্রধান সহায়তা সংস্থাটিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে কংগ্রেসের অনুমতি দরকার আছে, নাকি ট্রাম্প একক সিদ্ধান্তেই তা পারবেন, এমন প্রশ্নের জবাবে কিছু বলেননি মাস্ট।
“পুরো পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থার লোকজনের মধ্যে ওলটপালট চলছে তা এবং বিদেশে সহায়তা স্থগিত করা সবই খুবই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পদক্ষেপ যেন আমরা আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করতে পারি,” বলেছেন তিনি।
