‘ক্রিসমাস মিরাকল’: ৭৫ বছর পর মিলল পরিবারের খোঁজ
সাত দশকের বেশি সময় পর বড়দিনের এই ছুটির সময়ে পরিবারকে খুঁজে পাওয়ার পর তা অলৌকিকই ঠেকেছে নর্থ ক্যারোলাইনার বাসিন্দা ডিক্সনের কাছে।
“এটা আমার ক্রিসমাস মিরাকল!,” ৭৫ বছর পর বড়দিনের এই ছুটির সময়ে পরিবারকে খুঁজে পাওয়ার পর এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার বাসিন্দা ডিক্সন হ্যান্ডশো।
জীবনের বেশির ভাগ সময় নিজেকে একমাত্র সন্তানই ভেবে এসেছিলেন ডিক্সন। জন্মের পরপরই তাকে দত্তক নেওয়া হয়েছিল, আসল বাবা-মার পরিচয় জানতেন না তিনি।
দশকের পর দশক পেরোনোর পর সম্প্রতি তিনি জানতে পারেন, তার বেশ কয়েকজন ভাইবোন আছে। বড়দিনের এই ছুটির সময়েই তাদের সঙ্গে দেখা হয়েছে ৭৫ বছর বয়সী ডিক্সনের।
সিএনএন জানায়, এ সপ্তাহান্তে পরিবারের সঙ্গে বড়দিনের উৎসব উদযাপন করতে নর্থ ক্যারোলিনা থেকে নিউ ইয়র্কের রোচেস্টারে গিয়েছিলেন ডিক্সন। সেখানেই তার সৎ ভাই-বোনদের সঙ্গে প্রথমবারের মতো দেখা হয়।
ডিক্সন বলেন, ‘আমি সারা জীবন কল্পনা করেছি, কোথাও যদি আমার ভাইবোন থাকত!” গত শুক্রবার নিউ ইয়র্কের বিমানবন্দরে ভাইবোনদের সঙ্গে প্রথম দেখা হওয়ার পর তিনি একে বড়দিনেরই অলৌকিক কাণ্ড বলে বর্ণনা করেন।
এরপরদিন শনিবার ৫০ জনেরও বেশি আত্মীয়ের সঙ্গে দেখা করেছেন ডিক্সন। অথচ এর আগে তাদের অস্তিত্ব সম্পর্কে তিনি কিছুই জানতেন না।
দত্তক নেওয়া বাবা-মায়ের একমাত্র সন্তান হওয়ায় এবং নিজের কোনো সন্তান না থাকায় নিঃসঙ্গ ছিলেন ডিক্সন। তাই হঠাৎ এত স্বজনের সঙ্গে দেখা হওয়া তার কাছে অভূতপূর্ব অভিজ্ঞতা।
১৯৪৯ সালে নিউইয়র্কের বাফেলোতে জন্ম ডিক্সনের। তাকে তিন মাস বয়সে দত্তক নেওয়া হয়েছিল। তাকে দত্তক নেওয়া বাবা-মা এ বিষয়ে সব সময়ই সৎ ছিলেন।
ডিক্সন তাকে দত্তক নেওয়ার বিষয়টি জানতে পারার পর থেকেই আসল বাবা মায়ের খোঁজ করছিলেন। কিন্তু নিউ ইয়র্ক রাজ্য দত্তক নেওয়ার আগের জন্ম সনদ সিল করে রাখায় পরিবারের খোঁজ পাচ্ছিলেন না ডিক্সন।
২০১৯ সালের একটি নতুন আইনে দত্তক থাকা নিউ ইয়র্কবাসীদের জন্য আসল জন্ম সনদ উন্মুক্ত হয় ২০২০ সালে। এরপর এবছর অগাস্টে ডিক্সন তার আসল জন্ম সনদ হাতে পান।
তখনই তিনি তার আসল বাবার নাম রবার্ট বাড রোমিগ বলে জানতে পারেন। নামটি গুগলে সার্চ করেন তিনি। এতে বাবার ছবি সহ একটি শোকবার্তা তার সামনে আসে। নিজের সঙ্গে বাবার চেহারার সাদৃশ্য দেখে বিস্মিত হয়েছিলেন ডিক্সন।
তার যে আরও ভাই এবং বোন আছে সেটিও তিনি বুঝতে পেরেছিলেন তখনই। ডিক্সন জানেন না কেন তাকে দত্তক দেওয়া হয়েছিল। তার বাবা কর্নেল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতক শিক্ষার্থী ছিলেন। আর মা ছিলেন সেই বিভাগের সেক্রেটারি।
ডিক্সনের জন্মের পর তার মায়ের আর কোনও সন্তান হয়নি। তবে তার বাবার আরও ৫ সন্তান ছিল এবং আরও তিনজনকে তিনি দত্তক নিয়েছিলেন। সেই দত্তক নেওয়া সন্তানদেরই একজনের সঙ্গে যোগাযোগ করে ডিক্সন ফেরেন তার আপন পরিবারে।
