শি-পুতিন আরও নিবিড় অংশীদারত্বের অঙ্গীকার, যুক্তরাষ্ট্রের নিন্দা
চীনের গ্রেট হল অব দ্য পিপল এর বাইরে লাল গালিচা অভ্যর্থনা পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তার সম্মানে ২১ বার তোপধ্বনিও করা হয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্যে আরও নিবিড় অংশীদারিত্বের এক নতুন যুগের অঙ্গীকার করেছেন।
বৃহস্পতিবার দুই নেতাই এই ‘নতুন যুগ’ সম্পর্কিত এক যৌথ বিবৃতি সই করেন।
এ বিবৃতিতে তারা নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা ছাড়াও তাইওয়ান, ইউক্রেইন ও উত্তর কোরিয়াসহ সবকিছুতেই নিজেদের মতামত শেয়ার করেছেন এবং নতুন শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ও আর্থিক খাতে সহযোগিতার অঙ্গীকার করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে চীনের প্রেসিডেন্ট শি বলেন, “চীন-রাশিয়ার বর্তমান সম্পর্ক কষ্টার্জিত। দু’পক্ষেরই একে সযত্নে লালন ও আগলে রাখতে হবে। বিশ্বে ন্যায়বিচার ও ন্যায্যতা সমুন্নত রাখতে চীন রাশিয়ার সঙ্গে একযোগে কাজ করতে ইচ্ছুক।”
শি দুই দেশের সম্পর্ক ‘পুনরুজ্জীবিত করতে’ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “চীন সবসময় রাশিয়ার ভালো অংশীদার হবে।
যুক্তরাষ্ট্রকে আগ্রাসী এবং আধিপত্য বিস্তারকারী আখ্যা দিয়ে পুতিন এবং শি বলেছেন, তারা বিশ্বব্যাপী বিশৃঙ্খলার বীজ বপন করছে।
চীন ও রাশিয়ার সম্পর্ককে বিশ্বে যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা আধিপত্যের মুখে একটি স্থিতিশীল শক্তি হিসাবে বর্ণনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি।
চীনের রাজধানী বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপল এর বাইরে পুতিনকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন শি জিনপিং। পুতিনের সম্মানে সেনা প্যারেডসহ তিয়েনআনমেন স্কয়ারে ২১ বার তোপধ্বনিও করা হয়। শিশুরা এ সময় চীন এবং রাশিয়ার পতাকা ওড়ায়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেইনে আক্রমণ শুরুর কয়েকদিন আগে পুতিন বেইজিং সফর করেছিলেন। তখন দুই দেশ তাদের মধ্যে "সীমাহীন" অংশীদারিত্বের কথা ঘোষণা করেছিল।
এবছর আগামী ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পুতিন প্রথম বিদেশ সফরে চীন সফরে গেলেন। এর মাধ্যমে শি এর সংগে তার বন্ধুত্ব ও মিত্র দেশ হিসেবে চীনের গুরুত্বের বিষয়ে বিশ্বকে একটি বার্তা দিলেন তিনি।
