২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্ষয়িষ্ণু’ ইউরোপের ‘দুর্বল’ নেতাদের কড়া সমালোচনা করলেন ট্রাম্প

তার মতে, মতাদর্শগত বিভাজন ইউরোপের সঙ্গে ওয়াশিংটনের মিত্রতায় ফাটল ধরানোর হুমকি সৃষ্টি করেছে।

‘ক্ষয়িষ্ণু’ ইউরোপের ‘দুর্বল’ নেতাদের কড়া সমালোচনা করলেন ট্রাম্প
পেনসিলভানিয়ায় এক সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 11:11 AM

Updated : 26 Aug 2026, 05:17 PM

ইউরোপের ‘দুর্বল’ নেতাদের কড়া সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউক্রেইনে ওয়াশিংটনের সহায়তা কমিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

পলিটিকোকে নানান বিষয়ে দেওয়া এক সাক্ষাৎকারে এ রিপাবলিকান আরও বলেছেন, ‘ক্ষয়িষ্ণু’ ইউরোপের দেশগুলো অভিবাসন নিয়ন্ত্রণ কিংবা রাশিয়ার সঙ্গে ইউক্রেইনের যুদ্ধ বন্ধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।  

ইউরোপের নেতারা কিইভকে ‘মরার আগ পর্যন্ত লড়তে’ ছেড়ে দিয়েছে বলে তিনি অভিযোগও করেছেন, জানিয়েছে বিবিসি। 

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন উদ্যোগে জায়গা করে নিতে চেষ্টা চালিয়ে যাওয়া ইউরোপের নেতাদের ভয়, দ্রুত কোনো চুক্তি হলে তা মহাদেশটির দীর্ঘমেয়াদী স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে পারে। 

ট্রাম্পের মন্তব্যের পাল্টায় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইউভেটে ‍কুপার প্রতিরক্ষায় বিনিয়োগ ও কিইভকে অর্থায়নের প্রসঙ্গ টেনে বলেছেন, তিনি ইউরোপকে ‘শক্তিশালী’ অবস্থানেই দেখছেন।  

দুই প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের ট্রাম্প আর ইউক্রেইনের ভলোদিমির জেলেনস্কি ‘শান্তির জন্য কাজ করছেন’, আর আরেক প্রেসিডেন্ট রাশিয়ার ভ্লাদিমির পুতিন সংঘাতের তীব্রতা বাড়াতে এখনও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছেন, বলেছেন কুপার।  

রাশিয়ার সঙ্গে একটি ‘শান্তি চুক্তিতে’ উপনীত হতে ট্রাম্প সম্প্রতি জেলেনস্কির ওপর চাপের মাত্রা বাড়িয়েছেন; তিনি কিইভকে মস্কোর কাছে ভূখণ্ড ছাড়তেও তাগাদা দিচ্ছেন। 

মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে ইউক্রেইনের প্রেসিডেন্ট লিখেছেন, যুদ্ধ শেষ করার সম্ভাব্য পদক্ষেপগুলোর সব উপাদান নিয়ে ইউরোপ ও ইউক্রেইন সক্রিয়ভাবে কাজ করছে। 

পরে তিনি সাংবাদিকদের বলেন, ইউরোপ ও ইউক্রেইনের পরিকল্পনার নতুন সংস্করণ বুধবারই যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে বলে তার ধারণা। 

ইউক্রেইন যুদ্ধে নিজেদের যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে লন্ডনে ইউরোপের শীর্ষ কয়েকটি দেশের নেতাদের লন্ডনে বৈঠক করার পরদিনই ট্রাম্প মহাদেশটির নেতৃত্বের কড়া সমালোচনা করলেন। 

যুদ্ধ বন্ধে ইউরোপ সহায়তা করছে কিনা—এমন প্রশ্নের জবাবে পলিটিকোকে ট্রাম্প বলেন, “তারা কথা বলে কিন্তু কিছু হয়না। এদিকে যুদ্ধ চলছে তো চলছেই।”

গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন কর্মকর্তারা আলাদা আলাদাভাবে রাশিয়া ও ইউক্রেইনের নেতাদের সঙ্গে কথা বললেও এখন পর্যন্ত দৃশ্যমান সফলতা দেখা যায়নি।  

ভবিষ্যতে কিইভের ওপর আরও হামলা হওয়ার সম্ভাবনা রেখে কোনো চুক্তিতে যুক্তরাষ্ট্র যেন সমর্থন দিয়ে না বসে তা নিশ্চিতে ইউরোপ ও নেটো নেতাদের ওপর নিয়মিত চাপ দিয়ে যাচ্ছেন জেলেনস্কি। তার এমন দরকষাকষি ওয়াশিংটনকে ক্রমশ বিরক্ত করে তুলছে। 

জেলেনস্কিকেই ‘শান্তির জন্য মূল বাধা’ বলে রোববার ট্রাম্প ইঙ্গিতও দিয়েছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, দুই পক্ষের জন্য যুক্তরাষ্ট্র যে শান্তি পরিকল্পনার খসড়া করেছিল, রাশিয়া তাতে ‘রাজি ছিল’। ট্রাম্পের ওই পরিকল্পনায় ইউক্রেইনকে বড়সড় ছাড় দিতে বলা হয়েছিল, ভবিষ্যতে রাশিয়ার আরও আক্রমণের শিকার হওয়ার ঝুঁকিও এতে বেশি। 

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব ইউক্রেইনের আলোচকরা ‘পছন্দ করেছিলেন’। জেলেনস্কি এখন পর্যন্ত ওই প্রস্তাবগুলো পড়েও দেখেনি বলেও অভিযোগ করেন তিনি। 

কিইভকে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনে ফের তাগাদা দিয়ে তিনি বলেন, ‘যুদ্ধকে অজুহাত দেখিয়ে’ তারা নির্বাচন করছে না।  

“তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেটাকে আর গণতন্ত্র বলা যাচ্ছে না,” বলেছেন তিনি।

জেলেনস্কির ৫ বছরের মেয়াদ গত বছরের মে মাসে শেষ হলেও যুদ্ধ চলায় দেওয়া জরুরি অবস্থার কারণে নির্বাচন করা যাচ্ছে না বলে এর আগে ইউক্রেইনের কর্মকর্তারা যুক্তি দিয়েছিলেন। 

ট্রাম্পের এমন মন্তব্যের পর জেলেনস্কি সাংবাদিকদের বলেছেন, তিনি ‘নির্বাচনের জন্য প্রস্তুত’ এবং এজন্য আইন সংশোধনেও প্রস্তাব দেবেন তিনি। 

যুক্তরাষ্ট্র ও অন্য মিত্রদের সহায়তায় নিরাপত্তা নিশ্চিত করা গেলে পরবর্তী ২-৩ মাসের মধ্যে নির্বাচন হতে পারে, বলেছেন তিনি। 

পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, মতাদর্শগত বিভাজন ইউরোপের সঙ্গে ওয়াশিংটনের মিত্রতায় ফাটল ধরানোর হুমকি সৃষ্টি করেছে।  

যে নেতাদের দুর্বল মনে করছেন, তারা এরপরও মিত্র হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন এ প্রেসিডেন্ট বলেছেন, “সেটা অনেক কিছুর ওপর নির্ভর করে। আমি মনে করি তারা দুর্বল, তবে এটাও মনে হয় যে তারা রাজনৈতিকভাবে খুবই সঠিক হতে চায়। কী করতে হবে তা তারা জানে না বলেই আমার ধারণা।”

মার্কিন প্রশাসন তাদের ৩৩ পৃষ্ঠার নতুন ‘জাতীয় নিরাপত্তা কৌশল’ প্রকাশ করার পর ট্রাম্পের এসব মন্তব্য এল। ওই কৌশলে ইউরোপের সঙ্গে মিত্রতা অব্যাহত রাখার ব্যাপারে দ্বিধা প্রকাশ পেয়েছে, রাশিয়ার সঙ্গে দূরত্ব কমানোর ইঙ্গিত দেওয়া হয়েছে।

মঙ্গলবার ট্রাম্প ইউরোপের অনেক দেশকে সতর্ক করে আরও বলেছেন, যেভাবে চলছে তাতে খুব শিগগিরই তারা আর ‘টিকে থাকার মতো দেশ’ থাকবে না।  

“অভিবাসন নিয়ে তারা যা করছে তা এক ধরনের বিপর্যয়,” বলেছেন তিনি। 

এ প্রসঙ্গে হাঙ্গেরি ও পোল্যান্ডের ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেছেন, তারা অভিবাসনের ব্যাপারে ‘চমৎকার কাজ করছে’, যেখানে ইউরোপের বাদবাকি দেশের বেশিরভাগই ‘ক্ষয়িষ্ণু’। 

ট্রাম্পের এমন অবস্থানের পাল্টায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট চাওয়ার মতো এমন কিছু উপাদান আছে যা ইউরোপের দৃষ্টিতে ‘অগ্রহণযোগ্য’।

ইউরোপে ‘গণতন্ত্র বাঁচাতে’ যুক্তরাষ্ট্রকে দরকার- এমন ধারণা প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, ইউরোপীয়রাই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।