নিউ ইয়র্কে জিতে ভাষণে জওহরলার নেহেরুকে টানলেন মামদানি
“ইতিহাসে কখনো কখনো এমন বিরল ক্ষণ আসে, যখন আমরা পুরনো থেকে বেরিয়ে নতুনে প্রবেশ করি, যখন একটি কালের অবসান হয় এবং যখন বহুদিন ধরে অবদমিত একটি জাতির আত্মা নিজেকে প্রকাশ করার সুযোগ পায়,” নেহেরুর কথা পুনরুক্ত করেন মামদানি।
ভোটে জয়ী হওয়ার পর দেওয়া প্রথম ভাষণে ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর স্মৃতি উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি।
নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী পরিচয় দেওয়া এ ডেমোক্র্যাট সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে নেহেরুর ‘ইতিহাস নির্ধারিত ক্ষণ’ ভাষণ থেকে উদ্ধৃত করেছেন। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতার প্রাক্কালে নেহেরু ওই ভাষণটি দিয়েছিলেন।
“আপনাদের সামনে দাঁড়িয়ে, আমার মনে পড়ছে জওহরলাল নেহেরুর কথা। ইতিহাসে কখনো কখনো এমন বিরল ক্ষণ আসে, যখন আমরা পুরনো থেকে বেরিয়ে নতুনে প্রবেশ করি, যখন একটি কালের অবসান হয় এবং যখন বহুদিন ধরে অবদমিত একটি জাতির আত্মা নিজেকে প্রকাশ করার সুযোগ পায়।
“আজ রাতে আমরা পুরনো থেকে নতুনের পথে পা ফেললাম,” নেহেরুর কথা পুনরুক্ত করে মামদানির এ কথা বলেন বলে জানিয়েছে এনডিটিভি।
নবনির্বাচিত মেয়র তার জয়কে নিউ ইয়র্কের নতুন যুগের প্রতীক বলেও আখ্যা দিয়েছেন। অঙ্গীকার করেছেন সাহসের সঙ্গে নেতৃত্ব দেওয়ার।
“এটি হবে সেই যুগ যেখানে নিউ ইয়র্কবাসীরা তাদের নেতাদের কাছে আমরা কী কী অর্জন করতে পারে সে বিষয়ে সাহসী দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করবে, সেসব কারণ নয়, যার জন্য আমরা চেষ্টা করার সাহস পাইনি,” বলেছেন তিনি।
উত্তরাধিকার সূত্রে উগান্ডা ও ভারতের রক্ত বহন করা মামদানি বলেছেন, তার প্রশাসন শহরের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণে সৃষ্ট সংকট মোকাবেলাকে প্রাধান্য দেবে।
“জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবেলায় এই শহরের দেখা সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী সব বিষয় থাকবে এই দৃষ্টিভঙ্গির কেন্দ্রে,” বলেছেন তিনি।
১৯৯১ সালের ১৮ অক্টোবর উগান্ডার কামপালায় জন্ম নেওয়া মামদানির বাবা উগান্ডার বুদ্ধিজীবী মাহমুদ মামদানি। মা সুপরিচিত ভারতীয় চলচ্চিত্রনির্মাতা মীরা নায়ার।
শৈশবেই উগান্ডা থেকে দক্ষিণ আফ্রিকা হয়ে নিউ ইয়র্কে থিতু হন মামদানি। তিনি ব্যাংক স্ট্রিট স্কুল ফর চিলড্রেন ও ব্রঙ্কস হাই স্কুল অব সায়েন্সে পড়াশোনা করেন। ২০১৪ সালে আফ্রিকানা স্টাডিজে বোডুইন কলেজ থেকে স্নাতক পাস করেন তিনি। সেখানে তিনি আরও অনেকের সঙ্গে মিলে স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইনের শাখা প্রতিষ্ঠা করেন।
