২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় বিষাক্ত শৈবালে ২ শতাধিক সামুদ্রিক প্রজাতির মৃত্যু

গত মার্চ থেকেই এই শৈবালের বিস্তার ঘটে তা ছড়িয়ে পড়েছে প্রায় সাড়ে চার হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে।

অস্ট্রেলিয়ায় বিষাক্ত শৈবালে ২ শতাধিক সামুদ্রিক প্রজাতির মৃত্যু
ছবি: বিবিসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2025, 01:24 AM

Updated : 26 Aug 2026, 12:42 PM

সাউথ অস্ট্রেলিয়ার (এসএ) উপকূলে এক সপ্তাহ ধরে বিষাক্ত শৈবাল বিস্তার ঘটে দুই শতাধিক সামুদ্রিক প্রজাতির প্রাণহানি হয়েছে। পরিবেশ সংরক্ষকরা বলছেন, সমুদ্রের পানিতে শৈবালের এই বেড়ে যাওয়া মাছেদের জন্য বিভীষিকাময়।

গত মার্চ থেকেই এই শৈবালের বিস্তার ঘটে তা ছড়িয়ে পড়েছে প্রায় সাড়ে চার হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে। অর্থাৎ, অস্ট্রেলিয়ার ক্যাঙারু দ্বীপ যতটা বড়, ততটা জায়গা জুড়ে বিষের রাজ্য বিস্তার করেছে এই শৈবাল।

বন্যপ্রাণী বিশেষজ্ঞ ভেনেসা পিরোত্তা বলেন, এটি নজিরবিহীন ঘটনা, কারণ শৈবাল বিস্তার বাড়ছে তো বাড়ছেই। অন্য বিজ্ঞানীরা বলছেন, পানিতে এমন একধরনের সর্বগ্রাসী শৈবাল জন্ম নিয়েছে, যা এমন হারে বাড়ছে যে তা একটি বিস্ফোরণের মতো।

এই শৈবাল কেবলই বিষ উৎপন্ন করে। বিষের চাদরের মতো তা ছড়িয়ে পড়েছে। এতে জলজ প্রাণীরা শ্বাসরুদ্ধ হচ্ছে। ফলে হাঙর, মাছ-সহ বিভিন্ন প্রাণীর মৃত্যু হচ্ছে।

গবেষকরা বলছেন, বিষাক্ত এই শৈবাল সমুদ্রের পানি থেকে অক্সিজেন শুষে নেয়। এগুলোর রং বদলে যায়। পানির ভেতরের উষ্ণতা বেড়ে যায়। আরও অনেক ক্ষতি হয়।

মূলত সমুদ্রের পানিতে নাইট্রোজেন বা ফসফরাস বেড়ে গেলে এই বিপত্তি ঘটে। এমনভাবে পানির উপরিভাগ ঢেকে যায়, যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না।

সালোকসংশ্লেষণ হতে পারে না। ফলে অক্সিজেনের অভাবে হয় শ্বাসকষ্ট। সেকারণে ধীরে ধীরে মৃত্যু হয় সামুদ্রিক প্রাণীদের। তাদের খাবারেরও অভাব ঘটে।

দক্ষিণ অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূলে এক সপ্তাহ ধরেই মৃত প্রাণী চোখে পড়ছে। বালুকাময় সৈকতে ছড়িয়ে আছে ছোট-বড় নানা আকারের মাছ। বিশেষ করে দেখা গেছে বেশিসংখ্যক রে ফিশ এবং শার্ক।

সম্প্রতি কয়েক সপ্তাহে তিন মিটার বড় সাদা শার্কও মরে পড়ে থাকতে দেখা গেছে। রিফ অঞ্চলের কাঁকড়া ও পাফার ফিশের মতো প্রাণী, যারা কম সচল এবং বিষাক্ত শৈবাল থেকে সরে যেতে পারে না, তারা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে।

মানুষের জন্য এই শৈবাল সরাসরি ক্ষতিকারক না হলেও এটি মানুষের ত্বকে জ্বালা ধরাতে পারে এবং শ্বাসকষ্টজনিত সমস্যাও ঘটাতে পারে।

একারণে মানুষের জন্যও সৈকত ভ্রমণ বা সমুদ্রের পানিতে সাঁতার কাটায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সাউথ অস্ট্রেলিয়া প্রশাসন, সাঁতারুদের আপাতত সমুদ্রে সাঁতার কাটতে বারণ করেছে।