Published : 09 May 2026, 11:22 AM
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে জয়ের বার্ষিকী উদ্যাপনে মস্কোতে কুচকাওয়াজ ঘিরে ইউক্রেইনের সঙ্গে তিনদিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া।
ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ যুদ্ধবিরতির ঘোষণা দেন বলে জানিয়েছে আল জাজিরা।
শনিবার থেকে সোমবার পর্যন্ত এ যুদ্ধবিরতি থাকবে। এ সময়ে উভয় দেশ একে অপরের সঙ্গে এক হাজার করে বন্দিও বিনিময় করবে।
“আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে যুদ্ধে তিনদিনে (৯-১১ মে) যুদ্ধবিরতি থাকছে,” বলেন ট্রাম্প।
এর কিছুক্ষণ পর ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এক্সে এক পোস্টে যুদ্ধবিরতির খবর নিশ্চিত করেন। তিনি জানান, চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চেষ্টার অংশ হিসেবে এ বিরতি স্থির হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ইউরি উষাকভ জানান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্টের মধ্যে হওয়া ফোনালাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে দুই দেশের মধ্যে মিত্রতা এবং মস্কোতে বিজয় দিবস উদ্যাপনের সময় যুদ্ধবিরতির প্রসঙ্গ উঠে আসে।
“মার্কিন প্রশাসনের সঙ্গে আমাদের টেলিফোন আলাপে এই বিষয় নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো হয়। অন্যদিকে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কিইভের যোগাযোগ হয়,” বলেন উষাকভ।
রাশিয়া এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের বার্ষিকী উদ্যাপনে ৯-মে’কে ঘিরে দুই দিনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। ইউক্রেইনও বলেছিল, তারা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, কিন্তু রাশিয়া তা ‘কানে নেয়নি’।
“সরাসরি আমার কাছে অনুরোধ এসেছে,” যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় রাশিয়া ও ইউক্রেইনের প্রেসিডেন্টদ্বয়কে ধন্যবাদ জানিয়ে বলেন ট্রাম্প।
“রাশিয়ায় বিজয় দিবস উদ্যাপিত হচ্ছে, ইউক্রেইনেও, কারণ তারাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বড় অংশ ও প্রভাবক। যুদ্ধবিরতিতে সব ধরনের সামরিক কর্মকাণ্ড স্থগিত থাকবে, পাশাপাশি এক হাজার করে বন্দিও বিনিময় হবে,” বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
জেলেনস্কিও পরে বন্দিবিনিময়ের খবর নিশ্চিত করেন।
ট্রাম্প জানান, রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে হওয়া রক্ষক্ষয়ী এ যুদ্ধ বন্ধের ‘আলোচনা অব্যাহত আছে’।
“প্রতিদিনই আমরা একটু একটু করে যুদ্ধ বন্ধের কাছাকাছি যাচ্ছি। আশা করছি এটাই হতে যাচ্ছে অত্যন্ত দীর্ঘ, প্রাণঘাতী ও কঠিন লড়াইয়ের যুদ্ধের সমাপ্তির সূচনা,” বলেছেন তিনি।