০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মার্কিন ফেডারেল রিজার্ভের সাবেক প্রধান অ্যালান গ্রিনস্প্যানের জীবনাবসান

ফেডারেল রিজার্ভের দায়িত্বে থাকাকালে মার্কিন অর্থনীতিকে ‘অভূতপূর্ব সমৃদ্ধির’ দিকে নিয়ে যাওয়ার মূল কারিগর হিসেবে অ্যালান গ্রিনস্প্যানকে বলা হতো ‘মায়েস্ট্রো’ বা জাদুকর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2026, 07:19 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভের’ সাবেক চেয়ারম্যান, অর্থনীতিবিদ অ্যালান গ্রিনস্প্যান আর নেই; তার বয়স হয়েছিল ১০০ বছর।

তার স্ত্রী আন্দ্রেয়া মিচেল এক বিবৃতিতে জানান, পারকিনসন্স ডিজিজসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন গ্রিনস্প্যান। সোমবার সকালে বাড়িতেই তার মৃত্যু হয়। 

সিএনএনের খবরে বলা হয়, অ্যালান গ্রিনস্প্যানকে বলা হত মার্কিন অর্থনীতির ‘মায়েস্ত্রো’। কারণ ফেডারেল রিজার্ভের দায়িত্বে থাকাকালে মার্কিন অর্থনীতিকে ‘অভূতপূর্ব সমৃদ্ধির’ দিকে নিয়ে গিয়েছিলেন তিনি। 

যদিও তার মেয়াদের পর মার্কিন আবাসন খাতে ধস এবং বিশ্বব্যাপী তীব্র আর্থিক মন্দা তৈরি হওয়ার পেছনে গ্রিনস্প্যানের কিছু নীতিকেও দায়ী করা হয়। 

১৯৮৭ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান প্রথম গ্রিনস্প্যানকে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পদে বসান। এরপর চারজন ভিন্ন ভিন্ন প্রেসিডেন্টের অধীনে টানা পাঁচ মেয়াদে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 

২০০৬ সালে জর্জ ডব্লিউ বুশের আমলে তার মেয়াদ শেষ হয়। দীর্ঘ সাড়ে আঠার বছর তিনি এই পদে ছিলেন; যা মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

স্বামীর মৃত্যুতে এক বিবৃতিতে আন্দ্রেয়া মিচেল বলেন, “তিনি ছিলেন ক্ষণজন্মা ব্যক্তিত্ব, যিনি উভয় রাজনৈতিক দলের (ডেমোক্রেট ও রিপাবলিকান) প্রেসিডেন্টদের অধীনে কয়েক দশক ধরে মার্কিন অর্থনীতিকে নতুন রূপ দিতে সাহায্য করেছিলেন। তবে নিজের ভুলগুলো স্বীকার করার ক্ষেত্রে তিনি সবসময়ই ছিলেন সৎ।”

সিএনএন লিখেছে, গ্রিনস্প্যান ছিলেন ‘ব্ল্যাক মানডে’ থেকে অর্থনৈতিক সমৃদ্ধিতে পৌঁছানোর ক্ষেত্রে ফেড-এর নেতৃত্বের সাক্ষী। 

গ্রিনস্প্যান ফেডারেল রিজার্ভের দায়িত্ব নেওয়ার দুই মাসের মাথায় ১৯৮৭ সালের ১৯ অক্টোবর মার্কিন শেয়ার বাজারে ইতিহাসের সবচেয়ে বড় ধস নামে; যা ‘ব্ল্যাক মানডে’ নামে পরিচিত। 

এর ঠিক পরদিনই গ্রিনস্প্যান ঘোষণা করেন, ফেডারেল রিজার্ভ অর্থনীতি ও আর্থিক ব্যবস্থাকে সচল রাখতে তারল্যের উৎস হিসেবে পাশে দাঁড়াতে সম্পূর্ণ প্রস্তুত। তার এই দ্রুত আশ্বাস ও পদক্ষেপ বাজারকে দ্রুত ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল।