২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে চলন্ত ট্রেনের দরজা থেকে পড়ে যাওয়া ৫ জনের প্রাণহানির আশঙ্কা

ট্রেনটি মুম্বাইয়ের থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর এক বগির দরজা থেকে হাত ফস্কে কয়েকজন যাত্রী পড়ে যান।

মুম্বাইয়ে চলন্ত ট্রেনের দরজা থেকে পড়ে যাওয়া ৫ জনের প্রাণহানির আশঙ্কা
ভারতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি লোকাল ট্রেন। ছবি: এশিয়া টাইমস

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2025, 12:40 PM

Updated : 26 Aug 2026, 01:10 PM

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে থানের অভিমুখে যাত্রারত অতিরিক্ত যাত্রীবোঝাই লোকাল ট্রেনের দরজায় ঝুলতে থাকা বেশ কয়েকজন যাত্রী পড়ে গেছেন। তাদের মধ্যে অন্তত পাঁচজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, সোমবার সকালে দিবা-মুম্ব্রা স্টেশনের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেনটির দরজায় ঝুলছিলেন অনেক যাত্রী। ট্রেনটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর এক বগির দরজা থেকে হাত ফস্কে ১০ থেকে ১২ জন যাত্রী পড়ে যান।

এ সময় অপরদিক থেকে মুম্বাইমুখি আরেকটি ট্রেন আসছিল বলে দাবি করেছেন কেউ কেউ। তবে রেলওয়ের কেউ এ তথ্য নিশ্চিত করেননি।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

দেশটির গণমাধ্যম এনডিটিভি লিখেছে, দুর্ঘটনার পরপরই রেলের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে এবং আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।  

ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ।

এ ঘটনার পর মুম্বাইয়ের উপনগর অঞ্চলের জন্য নির্মাণাধীন সব ট্রেনের বগিতে স্বয়ংক্রিয় দরজা বন্ধ করার ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছে রেলওয়ে। বর্তমানে যে সব রেল চলাচল করছে, সেগুলোরও নকশা পরিবর্তন করে দরজা বন্ধ করার প্রযুক্তি যোগ করার সিদ্ধান্ত হয়েছে।