উৎসবের মধ্যে ভারতের ভোপালে উদ্ধার ১৮০০ কোটি রুপির মাদক
ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবং গুজরাটের সন্ত্রাস দমন স্কোয়াডের (এটিএস) যৌথ অভিযানে উদ্ধার হয়েছে এ মাদক।
পূজোর বাদ্যের মধ্যে ভারতে মাদকের কারবারও হয়ে উঠেছে রমরমা। রাজধানী দিল্লির পর এবার মধ্যপ্রদেশের ভোপাল থেকে উদ্ধার হয়েছে ১,৮০০ কোটি রুপির নিষিদ্ধ মাদক।
ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবং গুজরাটের সন্ত্রাস দমন স্কোয়াডের (এটিএস) যৌথ অভিযানে এ মাদক উদ্ধার হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, কর্মকর্তারা অভিযানের সময় ১৮০০ কোটি রুপির মেফেড্রোন (এমডি) মাদক উদ্ধার করেছেন।
প্রায় আড়াই হাজার বর্গগজ আয়তনের একটি কারখানার ভেতরে এই অভিযান চালানো হয়। গুজরাট এটিএস কর্মকর্তারা নম্বর প্লেটবিহীন গাড়িতে করে এসে এনসিবির সহযোগিতায় এ অভিযান চালান।
মূল সন্দেহভাজন অমিত চতুর্বেদী ও সান্যাল প্রকাশ বানে নামের দু'জনকে গ্রেপ্তার করেছে প্রশাসন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এর আগে ২০১৭ সালে মুম্বইয়ের আম্বোলিতে একই ধরনের এমডি ড্রাগ মামলায় সান্যাল প্রকাশ বানেকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
এনডিটিভির খবর বলছে, পাঁচ বছর জেল খাটার পর অমিত চতুর্বেদীর সঙ্গে মিলে বেআইনি মাদক তৈরির কাজ শুরু করেন সান্যাল প্রকাশ। ছয়-সাত মাস আগে বাগরোদা শিল্পাঞ্চলে একটি কারখানা ভাড়া নিয়ে নিষিদ্ধ সিনথেটিক ড্রাগ মেফেড্রোন উৎপাদনের কাঁচামাল ও সরঞ্জাম সংগ্রহ শুরু করেন তারা।
প্রতিদিন ২৫ কেজি এমডি উৎপাদনের কারখানাটি অবৈধ মাদক উৎপাদনের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। অভিযানে ৯০৭ কেজি মেফেড্রোন, ৫ হাজার কেজি কাঁচামাল ও মাদক তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
বাজেয়াপ্ত করা জিনিসগুলোর মধ্যে গ্রাইন্ডার, মোটর, কাচের ফ্লাস্ক, হিটার এবং ওষুধের রাসায়নিক প্রক্রিয়াকরণে ব্যবহৃত অন্যান্য যন্ত্রপাতিও ছিল।
গুজরাটের এটিএস এর হাতে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় বেআইনি মাদক উৎপাদন ইউনিট ধরা পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
অভিযুক্তরা কতদিন ধরে এই বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল, কোথায় মাদক বিক্রি হচ্ছিল এবং তাদের আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা। এই মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করার জন্যও কাজ করছেন তারা।
মাত্র চারদিন আগেই দিল্লিতে ৫৬০০ কোটি রুপির মাদক বাজেয়াপ্ত হয়। সেই সূত্র ধরেই ভারতের বেশ কয়েকটি রাজ্যে অভিযান শুরু করে দিল্লি পুলিশ। বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় যখন শোরগোল চলছে, ঠিক তখনই ভোপাল এবং পাঞ্জাবেও কোটি কোটি রুপির মাদক উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এল।
