২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তবর্তী রুশ ভূখন্ডে মার্কিন অস্ত্র হামলা চালাতে পারবে ইউক্রেইন: পেন্টাগন

যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র দিয়ে ইউক্রেইন কেবল খারকিভের কাছে নয় বরং সীমান্তজুড়ে রুশ ভূখন্ডের যে কোনও স্থানে হামলা চালাতে পারবে বলে জানাল মার্কিন প্রতিরক্ষাদপ্তর।

রয়টার্স

Published : 21 Jun 2024, 09:04 PM

Updated : 26 Aug 2026, 09:50 AM

কেবল খারকিভ অঞ্চলের কাছের রুশ ভূখণ্ডে নয়, ইউক্রেইনের সীমান্তবর্তী রুশ ভূখণ্ডের যে কোনও স্থানে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র দিয়ে হামলা চালাতে পারবে কিইভ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বৃহস্পতিবার একথা জানিয়েছে।

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেইনকে রাশিয়ার ভেতরের সামরিক নিশানায় মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। 

তবে তখন কর্মকর্তারা বলেছিলেন, বাইডেনের এ সিদ্ধান্ত কেবল ইউক্রেইনের খারকিভ অঞ্চলের সীমান্তবর্তী রাশিয়ার মাটিতে হামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র এয়ার ফোর্সের মেজর জেনারেল প্যাট্রিক রাইডার সাংবাদিকদের বলেছেন, নীতিতে কোনও পরিবর্তন হয়নি। তবে ইউক্রেইনের জন্য মার্কিন অস্ত্রের ব্যবহার কেবল খারকিভের কাছের রুশ ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয় বলে নিশ্চিত করে জানান তিনি।

প্যাট্রিক বলেন, “এই নীতির মূল বিষয় হচ্ছে, রাশিয়া গুলি চালালে ইউক্রেইনেরও পাল্টা গুলি চালানোর ক্ষমতা থাকা। যেমন আমরা দেখতে পাচ্ছি, রুশ বাহিনী সীমান্ত পেরিয়ে গুলি চালাচ্ছে। সেক্ষেত্রে ইউক্রেইনেও মার্কিন অস্ত্র ব্যবহার করে ওই রুশ স্থল বাহিনীর ওপর পাল্টা হামলা চালানোর ক্ষমতা রাখে।”

“এটি আত্মরক্ষা। আর তাই ইউক্রেইনের পক্ষ থেকে এমন হামলা চালানোটা যৌক্তিক,” বলেন তিনি।