ওয়াশিংটন ডিসি কেন্দ্রীয় সরকারের শাসনাধীনে চান ট্রাম্প
রিপাবলিকান আইনপ্রণেতারা দুই সপ্তাহ আগে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার স্থানীয় সরকার, সেখানকার নির্বাচিত মেয়র, এমনকি সিটি কাউন্সিলও বিলুপ্ত করা সংক্রান্ত বিল এনেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দোহাই দিয়ে রাজধানী ওয়াশিংটন ডি.সি-কে কেন্দ্রীয় সরকারের শাসনাধীনে আনতে চাইছেন।
বুধবার ট্রাম্প বলেন, ‘ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া’ (ডি.সি)-র স্থানীয় সরকার কাজ করতে পারছে না। অপরাধ অতিরিক্তি বেড়ে গেছে। সব জায়গায় কেবল গৃহহীন মানুষ। গ্রাফিতিও (দেয়াল লেখনী) অতিমাত্রায় বেড়েছে।
সেকারণে তিনি মনে করেন, কেন্দ্রীয় সরকারের উচিত স্থানীয় সরকারের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া এবং ওয়াশিংটন ডি.সি পরিচালনা করা।
এর মধ্য দিয়ে ট্রাম্প কংগ্রেসের প্রতিনিধি পরিষদের কয়েকজন রিপাবলিকান সদস্যের ভাবাবেগকেই সমর্থন জানালেন, যারা রাজধানীর ঘরোয়া শাসন বাতিল করে সেখানে সরাসরি কেন্দ্রের শাসন প্রতিষ্ঠা করতে আইন প্রণয়নের জন্য তাগাদা দিচ্ছেন।
রিপাবলিকান ওই আইনপ্রণেতারা দুই সপ্তাহ আগেই এ সংক্রান্ত বিলও এনেছেন। বিলটিতে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার স্থানীয় সরকার, সেখানকার নির্বাচিত মেয়র, এমনকি সিটি কাউন্সিলও বিলুপ্ত করার প্রস্তাব রয়েছে।
ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদেরকে বলেন, “আমি মনে করি আমাদের ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার শাসন পরিচালনা করা উচিত। আমরা বলিষ্ঠভাবে আইন-শৃঙ্খলার সঙ্গে এই জেলা শাসন করতে পারব। একে পুরোপুরি নিখুঁত সৌন্দর্যে ফিরিয়ে আনতে পারব। তাছাড়া, ওয়াশিংটন ডি.সিকে নিরাপদ বানানোর জন্যও আমাদের এর শাসনভার নেওয়া উচিত বলে মনে করি।”
তিনি আরও বলেন, ডিস্টিক্ট অব কলম্বিয়ার ভাল পুলিশ বিভাগ রয়েছে। কিন্তু এই বিভাগকে ঠিকমত কাজে লাগানো হচ্ছে না। অপরাধ খুব বেশি বেড়ে গেছে। মানুষ খুন, জখম হচ্ছে।
ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার মেয়র মুরিয়েল বোসারকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন বলে উল্লেখ করলেও তার শাসন পরিচালনা নিয়ে সমালোচনা করেন ট্রাম্প।
গৃহহীন মানুষ বেশি হওয়ার কারণে ডিস্টিক্ট অব কলম্বিয়ার লনগুলো সব তাঁবুতে ছেয়ে গেছে বলে জানান ট্রাম্প। যুক্তি দেখিয়ে তিনি বলেন, ওয়াশিংটনে বিদেশি নেতাদেরকে আমন্ত্রণ জানানোর সময় এই দৃশ্য চোখে দেখা যায় না। এটা হতে দেওয়াও উচিত না। এক সময়কার সুন্দর সব প্লাজা, লনে তাঁবু থাকতে পারে না।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি.সি কীভাবে পরিচালিত হওয়া উচিত তা নিয়ে কয়েকদশক ধরে বিতর্ক চলে আসছে এবং বিষয়টি নিয়ে বিভক্তি আছে।
১৯৭৩ সালে ডিস্ট্রিক্টে হোম রুল অনুমোদন করেছিল কংগ্রেস, যার অধীনে ওয়াশিংটনের মানুষেরা সেখানকার মেয়র নির্বাচন করতে পারে এবং স্থানীয় বিষয়গুলো পরিচালনায় একটি পরিষদ নির্বাচন করতে পারে।
তবে এই হোম রুল অ্যাক্টের কিছু সীমাবদ্ধতা আছে। তা হল ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া পরিষদ কোনও আইন পাস করলে কংগ্রেস তা পর্যালোচনা করে এবং সেটি আইনে পরিণত হওয়ার আগে তা সংশোধন কিংবা বাতিল করারও ক্ষমতা রাখে কংগ্রেস।
তাছাড়া, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার বাজেটেও কংগ্রেসর কর্তৃত্ব আছে এবং প্রেসিডেন্ট সেখানকার বিচারকদেরকে নিয়োগ দেন।
১৯৬১ সালে ২৩ তম সংশোধনীর আওতায় ওয়াশিংটনের বাসিন্দারা প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেওয়ার অধিকার পেয়েছিল। কিন্তু ডিস্ট্রিক্টের ৭ লাখ অধিবাসীর কার্যত কোনও প্রতিনিধিত্ব কংগ্রেসে নেই।
প্রতিনিধি পরিষদে তাদের কেবল একজন প্রতিনিধি রয়েছেন, যিনি কেবল বিভিন্ন কমিটি এবং আইনি বিতর্কে অংশ নিতে পারেন। কিন্তু পূর্ণ চেম্বারে তিনি কোনও বিলে ভোট দিতে পারেন না।
ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার স্থানীয় মানুষদের অধিকাংশ এবং বহু ডেমোক্র্যাটও এই অঞ্চলটিকে যুক্তরাষ্ট্রের ৫১ তম রাজ্য হিসাবে চায়। ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ডেমোক্র্যাটদের একটি শক্ত ঘাঁটিও। সেখানকার মেয়র বোসার এবং ডেমোক্র্যাটরা একে রাজ্য হিসাবে চাইলেও তাদের প্রস্তাব হালে পানি পায়নি।
