নেপালে ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্রকে অভিনন্দন, রাজতন্ত্র ফেরানোর দাবি
সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ নেপালের পশ্চিমাঞ্চল ভ্রমণ শেষে রোববার ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানাতে জড়ো হয় আনুমানিক ১০ হাজার মানুষ।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে ১৯ বছর আগে ক্ষমতাচ্যুত হওয়া রাজা জ্ঞানেন্দ্র শাহকে অভিনন্দন জানিয়ে দেশটিতে বাতিল হওয়া রাজতন্ত্র পুনরায় চালুর দাবি জানিয়েছে তার হাজারো সমর্থক।
জ্ঞানেন্দ্র শাহ রোববার নেপালের পশ্চিমাঞ্চল ভ্রমণ শেষ করে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরের প্রধান প্রবেশপথের কাছে জড়ো হয় আনুমানিক ১০ হাজার সমর্থক।
তারা “রাজার জন্য রাজপ্রাসাদ খালি করুন। রাজা ফিরে আসুন, দেশ বাঁচান। আমাদের প্রিয় রাজা দীর্ঘজীবী হোক। আমরা রাজতন্ত্র চাই” স্লোগান দেয়।
সিএনএন জানায়, বিমানবন্দরের প্রবেশপথে জ্ঞানেন্দ্রর সমর্থকদের জমায়েতের কারণে যাত্রীরা হেঁটে যাতায়াত করতে বাধ্য হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের বিমানবন্দরে ঢুকতে বাধা দেয় কয়েকশ দাঙ্গা পুলিশ।
২০০৬ সালে নেপালজুড়ে তুমুল প্রতিবাদ-বিক্ষোভের মুখে রাজা জ্ঞানেন্দ্র শাহ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন। এর দু’বছর পর ২০০৮ সালে নেপালে রাজতন্ত্র বিলুপ্ত করতে পার্লামেন্টে ভোট হয়। জ্ঞানেন্দ্রও রাজপ্রাসাদ ছেড়ে সাধারণ জীবনযাপন শুরু করেন।
তবে এরপর থেকে নেপালে ১৩ বার সরকার বদল হয়েছে এবং অনেক নেপালিই প্রজাতন্ত্র নিয়ে হতাশ। তারা মনে করে, প্রজাতন্ত্র দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে ব্যর্থ হয়েছে। দেশে অর্থনৈতিক সংকট এবং ব্যাপক দুর্নীতি দেখা দিয়েছে।
সাবেক রাজাকে অভিনন্দন জানাতে সমবেত নেপালিরা বলছেন, দেশের আরও অবনতি ঠেকাতে রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন চান তারা।
৭২ বছর বয়সী নেপালি থির বাহাদুর ভাণ্ডারি বলেন, "আমরা এখানে রাজাকে পূর্ণ সমর্থন দিতে এসেছি এবং তাকে রাজসিংহাসনে পুনর্প্রতিষ্ঠিত করতে তার পক্ষে সমাবেশ করছি।"
২০০৬ সালে তৎকালীন রাজা জ্ঞানেন্দ্র শাহর বিরুদ্ধে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে অংশ নিয়েছিলেন ৫০ বছর বয়সি রং মিস্ত্রি কুলরাজ শ্রেষ্ঠ। তিনিও নেপালের বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় হতাশ হয়ে এখন মন পরিবর্তন করে রাজতন্ত্রকে সমর্থন দিচ্ছেন।
শ্রেষ্ঠ বলেন, "দেশে সবচেয়ে খারাপ যে বিষয়টি ঘটছে তা হল: ব্যাপক দুর্নীতি এবং ক্ষমতায় থাকা সব রাজনীতিবিদ দেশের জন্য কিছুই করছে না।"
"আমি রাজতন্ত্র বিলুপ্তির জন্য আন্দোলন করেছিলাম। ভেবেছিলাম এতে দেশের উপকার হবে। কিন্তু আমি ভুল করেছিলাম। দেশ এখন আরও খারাপ হয়েছে। তাই আমি মন বদলেছি," বলেন তিনি।
তবে নেপালে রাজতন্ত্র পুনরায় চালুর জনগণের দাবি নিয়ে কোনও মন্তব্য করেননি সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ। তার পক্ষে নেপালে জনসমর্থন বাড়তে থাকলেও, অবিলম্বে জ্ঞানেন্দ্রর ক্ষমতায় ফেরার সম্ভাবনা নেই।
জ্ঞানেন্দ্র ২০০১ সালে তার বড় ভাই বীরেন্দ্র বীর বিক্রম শাহ ও তার পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডে নিহত হওয়ার পর ২০০২ সালে সিংহাসনে বসেছিলেন।
২০০৫ সাল পর্যন্ত সাংবিধানিক প্রধান হিসেবে নেপাল শাসন করেছিলেন তিনি। ওই বছর জ্ঞানেন্দ্র পুরোপুরিভাবে ক্ষমতা দখল করেছিলেন। রাজতন্ত্রবিরোধী মাওবাদী বিদ্রোহীদের পরাস্ত করার জন্যই এটি করেছেন বলে যুক্তি দিয়েছিলেন তিনি।
সরকার ও সংসদ ভেঙে দিয়ে, রাজনীতিবিদ ও সাংবাদিকদের কারাবন্দি করে, যোগাযোগ বন্ধ করে দিয়ে এবং জরুরি অবস্থা ঘোষণা করে সেনাবাহিনীকে দিয়ে দেশ শাসন শুরু করেছিলেন জ্ঞানেন্দ্র।
