২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাপিটল হিলে দাঙ্গায় ট্রাম্পের বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্রের অভিযোগ

গত বছরের দাঙ্গার ঘটনা নিয়ে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন কংগ্রেস প্যানেল। এতেই সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে দোষারোপ করা হয়েছে।

ক্যাপিটল হিলে দাঙ্গায় ট্রাম্পের বিরুদ্ধে  একাধিক ষড়যন্ত্রের অভিযোগ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2022, 07:03 PM

Updated : 23 Dec 2022, 07:06 PM

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে গত বছরের দাঙ্গার ঘটনা তদন্তকারী প্যানেল সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তৎকালীন নির্বাচনে তার পরাজয়ের ফল উল্টে দিতে একাধিক ষড়যন্ত্র করার অভিযোগ করেছে।

বিবিসি জানায়, ২০২১ সালের ৬ জানুয়ারির ওই দাঙ্গার ঘটনা নিয়ে চূড়ান্ত ৮৪৫ পাতার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে কংগ্রেস প্যানেল। এতেই ট্রাম্পকে ক্যাপিটলে হামলার ঘটনায় দোষারোপ করা হয়েছে। ট্রাম্পকে ভবিষ্যতে সরকারে আসীন না করার সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে।

১৮ মাস ধরে কমিটি ১০ টি শুনানি অনুষ্ঠান করেছে এবং ১ হাজারেরও বেশি প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়েছে। এর মধ্যে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা, কর্মচারীরাসহ ট্রাম্পের পরিবারের সদস্যরা, ক্যাপিটলের পুলিশ কর্মকর্তারা, দাঙ্গাকারীরা, মিলিশিয়া সদস্যরা এবং আরও অনেকে আছেন।

সোমবার সাত ডেমোক্র্যাট ও দুই রিপাবলিকানের এই তদন্ত প্যানেল বিদ্রোহ উস্কে দেওয়া এবং অন্য তিনটি ফেডারেল অপরাধের দায়ে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করার জন্য বিচার বিভাগকে সুপারিশ করেছে।

বৃহস্পতিবার রাতে কংগ্রেস প্যানেলের প্রকশিত তদন্ত প্রতিবেদনে ট্রাম্পের বিরুদ্ধে উল্লিখিত ছয়টি মূল বিষয় হচ্ছে:

১. ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের রাতে ট্রাম্পের জয়ের মিথ্যা ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত ‘পূর্বপরিকল্পিত’ ছিল। এর পরপরই তিনি ভোটে জালিয়াতির অভিযোগসহ ভিত্তিহীন সব দাবি করতে থাকেন। ট্রাম্পের সেই সময়কার ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা এবং আইনজীবীও বলেছিলেন তারা ট্রাম্পের এইসব কথা বিশ্বাস করেন না।

২. ক্যাপিটলে দাঙ্গা উস্কে দিয়েছিলেন খোদ ট্রাম্প। তদন্ত প্যানেল ২০২০ সালের ১৯ ডিসেম্বরের ট্রাম্পের একটি টুইটের উল্লেখ করেছে, যাতে ট্রাম্প তার সমর্থকদেরকে ওয়াশিংটন ডিসিতে ৬ জানুয়ারিতে বড় বিক্ষোভে জড়ো হওয়ার ডাক দিয়েছিলেন।

৩. বিক্ষোভ দাঙ্গায় রূপ নেওয়ার পরও ট্রাম্প এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি। হামলা মারাত্মক আকার ধারণ করছে বলে কংগ্রেস থেকে সতর্কবার্তা আসার পরও ট্রাম্প তা উপেক্ষা করেছেন।

৪. কট্টর ডানপন্থি গ্রুপগুলো আগে পরিকল্পনা করেছে। তারপর সেই অনুযায়ী কাজ করেছে। এই গ্রুপগুলো সম্পর্কে এফবিআই কে বার্তা দেওয়া হয়েছিল। ৬ জানুয়ারিতে ক্যাপিটলের ভেতরে মানুষের ভিড়ের মধ্যে ছিল এই কট্টর-ডানপন্থি গ্রুপের সদস্যরা।

৫. নির্বাচনের ফল উল্টে দিতে ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন।

৬. সরকারি পদে ট্রাম্পকে নিষিদ্ধ করা। তদন্তের ফলে প্যানেল ট্রাম্পর বিরুদ্ধে ১১ টি সুপারিশ করেছে। তার মধ্যে এটি একটি। এতে যুক্তরাষ্ট্রের সংবিধানের উল্লেখ করে বলা হয়েছে, যে ব্যক্তি সংবিধান মেনে চলার শপথ নিয়েছেন, কিনতু বিদ্রোহে লিপ্ত হয়েছেন কিংবা সংবিধানের শত্রুদের মদদ দিয়েছেন তাকে সরকারি দফতরে অযোগ্য ঘোষণা করা যায়।