২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সারের চিকিৎসার পর কাজে ফিরছেন রাজা চার্লস

নিজের রাজ দায়িত্বে ফেরত আসার নিদর্শন স্বরূপ রাজা চার্লস এবং রানি ক্যামিলা আগামী মঙ্গলবার লন্ডনে একটি ক্যান্সার চিকিৎসা কেন্দ্রে যাবেন।

ক্যান্সারের চিকিৎসার পর কাজে ফিরছেন রাজা চার্লস
Britain's King Charles and Queen Camilla greet people after attending the Easter Matins Service at St. George's Chapel, Windsor Castle, Britain March 31, 2024. REUTERS/Hollie Adams/Pool/File Photo

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2024, 03:30 PM

Updated : 10 Sep 2026, 12:04 PM

ক্যান্সারের চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন ব্রিটিশ রাজা চার্লস। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামী সপ্তাহ থেকে তিনি নিজের দায়িত্ব পালন শুরু করবেন বলে শুক্রবার বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে।

বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র বলেন, “মহামান্য রাজার চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে। তবে যেহেতু চিকিৎসকরা এখন পর্যন্ত হওয়া চিকিৎসায় তার শারীরিক অবস্থার উন্নতি নিয়ে সন্তুষ্ট তাই রাজা চার্লস এখন থেকে তার বেশ কিছু রাজকার্যের দায়িত্বে ফিরবেন।”

গত ফেব্রুয়ারিতে বাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতিতে ৭৫ বছর বয়সী রাজা তৃতীয় চার্লসের ক্যান্সার সনাক্ত হওয়ার খবর প্রকাশ করা হয়। যদিও তিনি কী ধরণের ক্যান্সারে আক্রান্ত তা স্পষ্ট করে জানানো হয়নি। বলা হয়েছে, তার বর্ধিত প্রোস্টেটের চিকিৎসা করার সময় শারীরিক পরীক্ষায় ক্যান্সার ধরা পড়ে।

তারপর থেকে চিকিৎসা এবং বিশ্রামের জন্য রাজা চার্লস তার সব দায়িত্ব পালন স্থগিত করেন। যদিও এই সময়ে তিনি তার সরকারি দায়িত্ব পালন করে গেছেন।

রাজা চার্লসের ক্যান্সারের চিকিৎসা কতদিন ধরে চলবে সে কথা বলার সময় এখনও আসেনি বলেও জানান ওই মুখপাত্র। বলেন, “এখন পর্যন্ত চিকিৎসায় তার শরীর যেভাবে সাড়া দিয়েছে তাতে চিকিৎসকরা খুবই আশাবাদী হয়ে উঠেছেন। এবং প্রত্যাশা করছেন, রাজার সুস্থ হয়ে ওঠার এই গতি অব্যাহত থাকবে।”

রাজা চার্লসের শরীরের সর্ব শেষ অবস্থা বা তার ঠিক কী ধরণের চিকিৎসা চলছে সে বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।

রাজা চার্লসের কাজে ফেরার খবরে দারুণ খুশি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পোস্টে লেখেন, “সপ্তাহের শেষ প্রান্তে এটা দারুণ খবর!”