যুক্তরাষ্ট্রে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মুখোমুখি বিতর্ক, কে জিতেছে?
রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ওহাইওর সিনেটর জে ডি ভ্যান্স ও ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মিনেসোটার গভর্নর টিম ওয়ালজের এই বিতর্কে আয়োজন করেছিল সিবিএস নেটওয়ার্ক।
যুক্তরাষ্ট্রের দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স ও টিম ওয়ালজ মঙ্গলবার নিউ ইয়র্কে বিতর্কে মুখোমুখি হয়েছেন
রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ওহাইওর সিনেটর জে ডি ভ্যান্স ও ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মিনেসোটার গভর্নর টিম ওয়ালজের মধ্যে এই বিতর্ক আয়োজন করেছিল সিবিএস নেটওয়ার্ক।
আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এটিই বড় নেতাদের শেষ মুখোমুখি বিতর্ক। তাই হ্যারিস ও ট্রাম্পের দুই রানিং মেটের বিতর্ক দেখতে মুখিয়ে ছিল জনগণ।
দুই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীই জেদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলেছেন। কথার লড়াইয়েও একে অন্যকে ঘায়েল করছেন।
সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সুরেই ডেমোক্র্যাটদের আক্রমণ করেছেন ৪০ বছর বয়সি ভ্যান্স। অন্যদিকে, ট্রাম্প এবং ভ্যান্সকে ছেড়ে কথা বলেননি কমলা হ্যারিসের রানিং মেট ওয়ালজও।
তিনি ভ্যান্সের অতীত মন্তব্য এবং অভিবাসীদের নিয়ে ভুয়া দাবির প্রসঙ্গ টেনে কথা বলেন। অন্যদিকে, জেডি ভ্যান্স চ্যালেঞ্জ জানান হ্যারিস এবং বাইডেনের নীতিকে।
বিতর্কে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মধ্যপ্রাচ্য সংকট, অভিবাসন, কর, গর্ভপাত, জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন।
ভ্যান্স প্রশ্ন ছুড়ে দেন, কমলা হ্যারিস কেন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মুদ্রাস্ফীতি, অভিবাসন ও অর্থনীতির দিকে নজর দেননি।
আবার ওয়ালজ ডনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, তিনি কোটিপতিদেরই কেবল অগ্রাধিকার দিয়েছিলেন এবং ক্ষমতায় থাকাকালে অভিবাসনে তেমন কিছু করতে পারেননি।
তবে দুই প্রার্থী ওইসব বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য রাখলেও খুব বেশি ব্যক্তিগত আক্রমণ করেননি।
বিতর্কের শুরুতেই ইসরাইলের হামলা, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা এবং মধ্যপ্রাচ্যে সংকটের কথা উঠে এসেছিল। সে সময় ইরানে হামলা চালানোর ক্ষেত্রে ইসরায়েলকে সমর্থন করা যায় কিনা সে বিষয়ে ওয়ালজকে দ্বিধান্বিত মনে হয়েছে। ওয়ালজ সাধারণত বৈদেশিক নীতি নিয়ে বেশি কথা বলেন না। তাই এ বিষয়ে তার অস্বস্তি ছিল স্পষ্ট।
দুই প্রার্থীর মধ্যে কে বিতর্কে জিতেছে- সে প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায় কেউই স্পষ্ট জয় পাননি।
বিতর্কের পরপরই দর্শকশ্রোতাদের মধ্যে পরিচালিত সিএনএন এর তাৎক্ষণিক জরিপে দেখা গেছে, নিবন্ধিত ভোটারদের যারা বিতর্ক দেখেছেন তাদের মধ্যে কোন প্রার্থী ভাল করেছেন তা নিয়ে খুব কম ব্যবধানে বিভক্তি দেখা গেছে।
বিতর্কের পর দর্শকশ্রোতাদের ৫১ শতাংশেই বলেছেন ভ্যান্স ভাল করেছেন। আর ৪৯ শতাংশ বলেছেন, ওয়ালজ ভাল করেছেন।
বিতর্র আগে সব আমেরিকানদের ওপর পরিচালিত সিএনএন-এর জরিপে দেখা গিয়েছিল ওয়ালজের প্রতি অনুকূল দৃষ্টিভঙ্গি ছিল মাত্র ৩৬ শতাংশ ভোটারের, আর প্রতিকূল দৃষ্টিভঙ্গি ছিল ৩২ শতাংশ ভোটারের। আর ৩৩ শতাংশ তার বিষয়ে কোনও মতামতই দেয়নি।
ওদিকে, বিতর্কের আগে নিবন্ধিত ভোটারদের মধ্যে ভ্যান্সের ক্ষেত্রে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল ৪২ শতাংশের আর ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল ৩০ শতাংশের।
কিন্তু বিতর্কের পর এখন দর্শকদের ৬৫ শতাংশই বলছেন, টিম ওয়ালজ প্রয়োজনে প্রেসিডেন্ট হিসাবেও দায়িত্ব পালনের যোগ্য। আর তার প্রতিপক্ষ ভ্যান্সের ক্ষেত্রে একই মত পোষণ করেছেন ৫৮ শতাংশ দর্শক।
ফলে দেখা যাচ্ছে, দুই প্রার্থীর বিতর্কের পর দুইজনকে নিয়েই আগের তুলনায় ভোটোরদের ইতিবাচক মনোভাব বেড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচনি দৌড়ে এর প্রভাব পড়বে কিনা?
আমেরিকার রাজনৈতিক ইতিহাস দেখলে বলা যায়, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে বিতর্ক আসলে নির্বাচনি দৌড়ে তেমন প্রভাব ফেলে না।
১৯৮৮ সালে ডেমোক্র্যাট লয়ড বেন্টসেন রিপাবলিকান প্রার্থী ড্যান কোয়েলকে বিতর্কে ধরাশায়ী করেছিলেন। কিন্তু কয়েক মাস পর কোয়েলই নির্বাচনে বিপুল ভোটে জিতে ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন।
ফলে এবারের ভ্যান্স-ওয়ালজ বিতর্কও শেষ পর্যন্ত নভেম্বরের নির্বাচনের ফলে এমনই অবান্তর প্রমাণিত হতে পারে।
