২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলারুশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বড় বিনিয়োগের পথে পোল্যান্ড

রাশিয়া ও বেলারুশের কাছ থেকে ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় পোল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের চেষ্টাতেই এ পদক্ষেপ।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 18 May 2024, 11:50 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

বেলারুশের সঙ্গেকার পূর্ব সীমান্তে নিরাপত্তা জোরদারের জন্য ২৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে পোল্যান্ড।

রাশিয়া ও বেলারুশের কাছ থেকে ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় পোল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের চেষ্টায় এই বিনিয়োগ করা হচ্ছে। শনিবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক একথা জানিয়েছেন।

২০২১ সাল থেকে ইউরোপে শরণার্থীদের ঢল শুরু হওয়ার পর থেকে বেলারুশের সঙ্গে পোল্যান্ডের সীমান্ত গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে। 

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্রদেশ বেলারুশ মধ্যপ্রাচ্যে ট্যাভেল এজেন্সি খুলে মানুষজনকে ইউরোপে প্রবেশ করতে দেওয়ার নতুন অনানুষ্ঠানিক রুট চালু করেছে। ইউরোপীয় ইউনিয়ন এ পদক্ষেপকে বেলারুশের সংকট সৃষ্টিরই চেষ্টা বলে অভিহিত করেছে।

২০২২ সালে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই রাশিয়া-পোল্যান্ড সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ফলে প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে পোল্যান্ড। দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টার জন্য রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে অভিযোগ করেছে পোল্যান্ড সরকার।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, “আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। সর্বোপরি পূর্ব সীমান্ত সুরক্ষার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“সুরক্ষিত সীমান্ত গড়ে তুলতে আমরা একটি বড় প্রকল্প শুরু করছি। এর মধ্যে সীমান্তে বেষ্টনি দেওয়ার ব্যবস্থার পাশাপাশি ল্যান্ডস্কেপিং এবং পরিবেশগত বিষয়ও রয়েছে। যাতে শত্রুদের সীমান্ত অতিক্রম অসম্ভব করে তোলা যায়।”

তবে সীমান্তে কি ধরনের বেষ্টনি তৈরি করা হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি টাস্ক।

পোল্যান্ডের আগের সরকার অবৈধ অভিবাসন ঠেকাতে পোলিশ-বেলারুশ সীমান্তে একটি বেষ্টনী তৈরি করেছিল, যা ১৮০ কিলোমিটার দীর্ঘ এবং ৫ দশমিক ৫ মিটার উঁচু। এই সীমান্ত বেষ্টনীতে নজরদারির জন্য ক্যামেরা ও সেন্সর বসানো আছে।

প্রধানমন্ত্রী টাস্ক এর আগে মে মাসের শুরুর দিকে পূর্ব সীমান্তকে শক্তিশালী করার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

টাস্ক বলেছেন, ইউরোপীয় স্কাই শিল্ড ইনিশিয়েটিভের স্যাটেলাইট পাদানের জন্য ৫০ কোটি পোলিশ মুদ্রা অর্থায়নের বিষয়ে সোমবার ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সঙ্গে কথা বলবেন তিনি।

ইউরোপীয় স্কাই শিল্ড ইনিশিয়েটিভ একটি প্রচলিত আকাশ প্রতিরক্ষা প্রকল্প। ২০২২ সালে জার্মানি ইউরোপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে এই স্কীম চালু করেছিল। এটিকে ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন টাস্ক।