২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়ামে স্কুল মিনিবাস-ট্রেন সংঘর্ষে নিহত ৪

দুর্ঘটনার সময় মিনিবাসটিতে সাতজন শিক্ষার্থী, চালক এবং একজন তত্ত্বাবধায়ক ছিলেন। লেভেল ক্রসিংয়ে প্রতিবন্ধক দণ্ড নামানো থাকা অবস্থাতেই দুর্ঘটনা ঘটে।

বেলজিয়ামে স্কুল মিনিবাস-ট্রেন সংঘর্ষে নিহত ৪
বেলজিয়ামের পতাকা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 04:59 PM

Updated : 26 Aug 2026, 03:42 PM

বেলজিয়ামের বুগেনহাউটে একটি যাত্রীবাহী ট্রেন ও স্কুলের মিনিবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছে।

বেলজিয়ামের ফেডারেল পুলিশের মুখপাত্র অ্যান বার্গার জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৮টার কিছু পরে (জিএমটি ০৬:০০) এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় মিনিবাসটিতে সাতজন শিক্ষার্থী, চালক এবং একজন তত্ত্বাবধায়ক ছিলেন।

দেশটির পরিবহনমন্ত্রী জঁ-লুক ক্রুক এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানিয়েছেন, লেভেল ক্রসিংয়ের ব্যারিয়ার বা প্রতিবন্ধক দণ্ডগুলো নামানো থাকা অবস্থাতেই মিনিবাসটি লাইনে উঠে পড়ায় এই সংঘর্ষ ঘটে।

তিনি বলেন, “দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।”

পুলিশ মুখপাত্র বার্গার বেলজিয়ামের গণমাধ্যম ভিআরটি-কে জানিয়েছেন, ট্রেনের কোনো আরোহী আহত হননি; তবে প্রচণ্ড আতঙ্কের কারণে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, “বাসটি একটি বিশেষায়িত স্কুলের দিকে যাচ্ছিল। বাসের আরোহীদের বেশিরভাগই ছিল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।”

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উত্তর-পশ্চিমে আলস্ট শহরের কাছে অবস্থিত ছোট শহর বুগেনহাউটে দুমড়েমুচড়ে যাওয়া মিনিবাসটি রেললাইনের পাশে উল্টে পড়ে আছে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে ফ্লেমিশ অঞ্চলের শিক্ষামন্ত্রী জুহাল দেমির সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “অত্যন্ত হৃদয়বিদারক সংবাদ। দুর্ঘটনায় হতাহতদের পরিবার এবং এর সঙ্গে জড়িত সবার জন্য আমার সমবেদনা।”