চীনের বিরল খনিজ চুম্বক রপ্তানিতে ধস, সরবরাহ ব্যবস্থায় উদ্বেগ
চীনের কাস্টমসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে বিরল খনিজ চুম্বকের চালান অগাস্টের ৬ হাজার ১৪৬ টন থেকে কমে ৫ হাজার ৭৭৪ টনে দাঁড়িয়েছে।
চীনের বিরল খনিজ চুম্বকের রপ্তানি সেপ্টেম্বর মাসে পড়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাত, গাড়ি ও স্মার্টফোনসহ বিভিন্ন পণ্যের নির্মাতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপাদানের ওপর বিশ্বের শীর্ষ সরবরাহকারী দেশ চীন তাদের আধিপত্যকে কাজে লাগিয়ে বাণিজ্য আলোচনায় সুবিধা নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চীনের কাস্টমসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে চুম্বকের চালান অগাস্টে যা ছিল তার তুলনায় ৬ দশমিক ১ শতাংশ কমে ৫,৭৭৪ টনে দাঁড়িয়েছে। অগাস্টে সাত মাসের মধ্যে সর্বোচ্চ ৬,১৪৬ টন চুম্বক রপ্তানি হওয়ার পর এই পতন হল।
বিশ্বে বিরল খনিজ চুম্বক সরবরাহের ৯০ শতাংশেরও বেশি আসে চীন থেকে। এই উপাদান বৈদ্যুতিক যান, স্মার্টফোন, উইন্ড টারবাইন, মেডিকেল ডিভাইস এবং প্রিসিশন গাইডেড অস্ত্র তৈরিতে গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য আলোচনা চলছে এবং এ মাসের শেষদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।
তবে চীন এই বৈঠকের আগেই উন্নত প্রযুক্তি তৈরির জন্য গুরুত্বপূর্ণ বিরল খনিজ ও অন্যান্য উপকরণের রপ্তানি নীতিমালা আরও কঠোর করছে।
চীন এর আগেও প্রক্রিয়াকরণ প্রযুক্তি ও বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে অনুমোদনবিহীন সহযোগিতার ওপর বিধিনিষেধ আরোপ করেছিল। তবে পরে রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করার নতুন ঘোষণার মাধ্যমে তারা সেই বিধিনিষেধ এখন আনুষ্ঠানিকভাবে নিয়মে পরিণত করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি কোম্পানিগুলোকে এখন সামান্য পরিমাণ বিরল খনিজ রপ্তানির আগেও চীন সরকারের অনুমোদন নিতে হবে। পাশাপাশি তাদেরকে এও জানাতে হবে যে, এসব উপকরণ কী উদ্দেশ্যে ব্যবহার করা হবে।
বিশ্লেষকদের মতে, এটি চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ। ওয়াশিংটন যেভাবে চীনে চিপ তৈরির সরঞ্জাম বিক্রি বন্ধ করেছে, চীন এখন সেই কৌশলই উল্টোভাবে প্রয়োগ করছে।
যুক্তরাষ্ট্র-চীন টানটান বাণিজ্য যুদ্ধের আবহে চীনের বাণিজ্য মন্ত্রণালয় গত এপ্রিলের মতোই বিরল খনিজ চুম্বক রপ্তানিতে লাইসেন্স কঠোরভাবে যাচাই করছে।
বিরল খনিজ রপ্তানির ওপর থেকে চীনের কড়াকড়ি তুলে নেওয়ার হোয়াইট হাউজের আহ্বান চীন এরই মধ্যে প্রত্যাখ্যান করেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়ংচিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের পদক্ষেপকে ‘বিকৃতভাবে ব্যাখ্যা’ করছে এবং ইচ্ছাকৃতভাবে ‘অহেতুক ভুল বোঝাবুঝি ও আতঙ্ক তৈরি করছে।’
ওদিকে, যুক্তরাষ্ট্র চীনের এই কড়াকড়ির পদক্ষেপের সমালোচনা করে চীনা পণ্যে নতুন করে ১০০ শতাংশ শুল্ক আরোপে হুমকি দিয়েছেন। তবে চীন নিজেদের পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরেছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়ংচিয়ান ওয়াশিংটনের সমালোচনার জবাবে বলেছেন, “যদি রপ্তানি লাইসেন্সের আবেদনগুলো নিয়ম মেনে করা হয় এবং তা বেসামরিক প্রয়োজনে ব্যবহৃত হওয়ার কথা থাকে, তাহলে সেগুলো অনুমোদিত হবে।
তারপরও বিশেষজ্ঞরা মনে করছেন, চীন আবার তাদের এই নিয়ন্ত্রণ কাজে লাগিয়ে বেসামরিক বাণিজ্যিক ব্যবহারকারীদের ওপর প্রভাব বিস্তার করতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংস্থাগুলোর জন্য গুরুত্বপূর্ণ এই উপাদান পাওয়া বন্ধ করে দিতে পারে।
ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ঊর্ধ্বতন বিশ্লেষক চিম লি বলেন, “বিরল খনিজ চুম্বকের রপ্তানির রাশ টেনে ধরার যে সক্ষমতা চীনের আছে, সেটি তাদের অসাধারণ এক শক্তিশালী হাতিয়ার।
“এতে যে কেবল উৎপাদন ব্যাহত হবে তাই নয়, বরং শিল্প উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদানের সহজলভ্যতায় অনিশ্চয়তা সৃষ্টি করবে এবং চীনের ওপর নির্ভরতা বাড়াবে।”
জার্মানি, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো চীনের বিরল খনিজ চুম্বক রপ্তানির প্রধান গন্তব্য। এবছরের প্রথম নয় মাসে এই চুম্বক রফতানি ৩৯,৮১৭ টন হয়েছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৫ শতাংশ কম।
