২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে কনসার্ট চলাকালে খুলে পড়ল বিশাল ভিডিও স্ক্রিন, আহত ৫

ওই বিশাল ভিডিও স্ক্রিনটি মঞ্চে নৃত্যরত শিল্পীদের ওপর পড়ে। এতে এক শিল্পী গুরুতর আঘাত পান ও কয়েকজন আটকা পড়েন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2022, 02:26 PM

Updated : 29 Jul 2022, 02:26 PM

হংকংয়ের জনপ্রিয় ব্যান্ড মিররের একটি কনসার্ট চলাকালে মঞ্চে বিশাল একটি ভিডিও প্যানেল খুলে পড়ে অন্তত পাঁচ জন আহত হয়েছেন।

ওই বিশাল ভিডিও স্ক্রিনটি মঞ্চে নৃত্যরত শিল্পীদের ওপর পড়ে। এতে এক শিল্পী গুরুতর আঘাত পান ও কয়েকজন আটকা পড়েন।

এ ঘটনার পর তদন্ত শুরু করেছে সরকারি সংস্থাগুলো। পরবর্তী অনুষ্ঠানগুলো স্থগিত করা হয়েছে।

স্থানীয় সম্প্রচারমাধ্যম আরটিএইচকে জানিয়েছে, যে দুই শিল্পী আহত হয়েছেন তাদের একজনের অবস্থা গুরুতর আর অপরজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

এ ঘটনায় দর্শকদের মধ্যেও তিন জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। অপ্রত্যাশিত এ ঘটনার পর দর্শকরা আবেগাক্রান্ত হয়ে পড়েন।

শুক্রবার হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বলেন, “এ ঘটনায় আমি মর্মাহত। যারা আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং আশা করছি তারা শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।”

শিল্পী, কর্মী ও জনতার সুরক্ষার জন্য সরকার নিরাপত্তা প্রক্রিয়াগুলোর পর্যালোচনা ও ঘটনার তদন্ত করে দেখবে বলে জানিয়েছেন তিনি।

হংকংয়ের সংস্কৃতি সচিব কেভিন ইয়েং জানিয়েছেন, মঞ্চের কাঠামো নিরাপদ না হওয়া পর্যন্ত অনুষ্ঠান স্থগিত থাকবে। সম্প্রতি মঞ্চে ঘটা অন্যান্য দুর্ঘটনাগুলোর বিষয়ে সরকারের অবকাশ ব্যুরো ইতোমধ্যেই কনসার্টের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন তিনি।

ব্যাপক জনপ্রিয় ক্যান্টোপপ ব্যান্ড মিরর ২০১৮ সালে একটি টেলিভিশন রিয়েলিটি শোয়ের মাধ্যমে গঠিত হয়। তারা হংকংয়ের ভিক্টোরিয়া হারবারের পাশে হংকং কলিসিয়ামে ধারাবাহিভাবে ১২টি অনুষ্ঠান করার পরিকল্পনা করেছিল।

মিররের ১৩ হাজারেরও বেশি ভক্ত একটি অনলাইন পিটিশনে কনসার্টের আয়োজকদের সমস্যাগুলো সমাধান করার ও সব শিল্পীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

হংকংয়ের ধনকুবের রিচার্ড লি’র পিসিসিডব্লিউ মিডিয়া গ্রুপের মালিকানাধীন কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান মেকারভিল এক বিবৃতিতে বলেছে, যা ঘটেছে তার জন্য তারা ‘গভীরভাবে দুঃখিত’ এবং দুর্ঘটনার কারণ বের করতে বিস্তারিত অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।